ঢাকা ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদর দপ্তরের ঘটনায় গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বুধবার রাত নয়টার দিকে গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ের তথ্য সেলের প্রধান মারুফ কামাল খান প্রাথমিক প্রতিক্রিয়ায় এ উৎকণ্ঠার কথা জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, "উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ও সংযম বজায় রেখে ন্যায় সঙ্গত ও যুক্তিযুক্ত সমাধানে পৌঁছানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি।"
'বিএনপির প্রাথমিক প্রতিক্রিয়া' শিরোনামে এ বিবৃতিতে বলা হয়, "ঘটনার পূর্ণ বিবরণ সম্পর্কে কোনো ভাষ্য সরকারের তরফ থেকে এখন পর্যন্ত জনগণ কিংবা আমাদের জানানো হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যা জানতে পেরেছি তাতে আমরা গভীরভাবে উৎকণ্ঠিত।"
এর আগে সন্ধ্যা সাতটার দিকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে গিয়েছিলেন। তখন সেখানে দলের সিনিয়র নেতা এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে.জে (আব.) মাহবুবুর রহমান, সালাউদ্দিন কাদের চৌধুরী, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া নেতাদের সঙ্গে বিডিআর বিদ্রোহের ঘটনা পর্যালোচনা করেন। এর আগে পূর্বঘোষিত দলের স্থায়ী কমিটির বৈঠকটি বাতিল করা হয়।
বিডিনিউজ২৪ডটকম/এসএম/পিসি/এসকে/২১১৬ঘ.
bdnews24