ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো গভীর চক্রান্ত রয়েছে কি না তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি এ ঘটনায় সরকারকে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা।
বৃহস্পতিবার গুলশানে দলের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বুধবার পিলখানায় বিডিআর সদর দপ্তরে জওয়ান বিদ্রোহের পর খালেদা এই প্রথম সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। এর আগে বুধবার দলের পক্ষ থেকে গভীর উৎকণ্ঠা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
লিখিত বিবৃতিতে খালেদা জিয়া বলেন, "এ ঘটনায় আমাদের দেশ, জাতি এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার অপুরণীয় ক্ষতি হয়েছে। এই অনাকাঙিক্ষত ঘটনার পেছনে বাংলাদেশকে দুর্বল এবং আমাদের জাতীয় প্রতিষ্ঠানকে
ক্ষতিগ্রস্ত করার কোনো সুগভীর চক্রান্ত রয়েছে কি না তা খুঁজে বের করার দাবি জানাচ্ছি।"
সংকট উত্তরণে দেশবাসী ও সব শৃঙ্খলা বাহিনীকে শান্ত, ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বানও জানান তিনি।
খালেদা জিয়া বলেন, "বাংলাদেশের ইতিহাসে শৃঙ্খলা বাহিনীর এতো অফিসার ও সদস্য একসঙ্গে নিহত হওয়ার ঘটনা ইতোপূর্বে কখনো ঘটেনি। এ দুর্ভাগ্যজনক ঘটনায় আমি গভীর ভাবে মর্মাহত।"
তিনি নিহতদের আত্মার মাগফেরাত ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আহতদের সুচিকিৎসাও দাবি করেন খালেদা।
বিরোধী দলীয় নেতা সরকারকে সহযোগিতা দিতে নিজের দলের আগ্রহের কথা তুলে ধরে বলেন, "সরকারের প্রতি আমার আহ্বান, সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা দেশের স্বার্থে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।"
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, ড. খোন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, সালাউদ্দিন কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এএল/এইচএ/২২০৫ঘ.
bdnews24