২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদলকে সংসদে এসে ভূমিকা রাখার 'অনুরোধ' স্পিকারের

বিরোধীদলকে সংসদে এসে ভূমিকা রাখার 'অনুরোধ' করলেন স্পিকার আব্দুল হামিদ। মঙ্গলবার সংসদের অধিবেশনে স্পিকার আব্দুল হামিদ বিরোধীদলের উদ্দেশে বলেন, "বিরোধীদলকে বিনীতভাবে অনুরোধ করবো তারা সংসদে আসুক। সংসদে এসে ভূমিকা রাখুক।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিরোধীদলকে সংসদে এসে ভূমিকা রাখার 'অনুরোধ' করলেন স্পিকার আব্দুল হামিদ। মঙ্গলবার সংসদের অধিবেশনে স্পিকার আব্দুল হামিদ বিরোধীদলের উদ্দেশে বলেন, "বিরোধীদলকে বিনীতভাবে অনুরোধ করবো তারা সংসদে আসুক। সংসদে এসে ভূমিকা রাখুক।" স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম পয়েন্ট অফ অর্ডারে দাড়িয়ে বলেন, "মাননীয় স্পিকার সংসদ কার্যকর হচ্ছে না। নির্বাচনের আগে অঙ্গীকার করা হয়েছিলো - সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে সংসদ। কিন্তু, বিরোধীদল সংসদে আসছে না। আসন বন্টন কোনো সমস্যা নয়।" তিনি বলেন, "আপনি ও সংসদ নেত্রী বিষয়টি দেখলে সমস্যার সমাধান হবে। এখন সংসদে কারো উৎসাহ নেই। ক'দিন পর সংসদে কোরাম সঙ্কট দেখা দেবে।" 'এভাবে সংসদ চালিয়ে' অতীতের সরকারগুলো ব্যর্থ হয়েছে মন্তব্য করে ফজলুল আজিম বলেন, " দরকার হলে তাদের আটটি আসন দিন। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়।" ফজলুল আজিম অষ্টম জাতীয় সংসদে বিএনপি'র সাংসদ ছিলেন। তার বক্তব্যের পরই এ নিয়ে সংসদে বিতর্কের সূত্রপাত হয়। আসন নিয়ে সমস্যার জন্য সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারকে দায়ী করে আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "সমস্ত গোলমালের হোতা পর্দার আড়ালে চলে গেছেন। তিনি দলীয় ছাড়া জাতীয় সংসদের স্পিকার হতে পারেননি। তিনি বিএনপি'র কর্মী হিসাবে কাজ করেছেন। আগামী দিনের সংসদকে অচলায়তনে পরিণত করতে তিনি বিরোধী দলকে এই সিটগুলো দিয়ে গেছেন। আমরা চাই বিরোধীদল সংসদে আসুক। তারা যতক্ষণ খুশি কথা বলুক।" আওয়ামী লীগের আরেক সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, "আসন নিয়ে কোনো কথা বলার দরকার আছে বলে অমি মনে করি না। সংখ্যানুপাতে বিরোধীদল সামনের সারিতে তিনটি আসন পাবে। তাদের ১০ টি আসন দিলে এরশাদের দলকেও ১০ টি আসন দিতে হয়। তাহলে সরকারী দল বসবে কোথায়?" সেলিম বিধি অনুযায়ী আসন বন্টনের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এইচএ/এসকে/২২১৩ঘ.