২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেক বৈঠকে দুটি বড় সড়ক প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অবকাঠামো খাতের উন্নয়নে ৫শ' ৪০ কোটি টাকার দুটি বড় প্রকল্প অনুমোদন করেছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অবকাঠামো খাতের উন্নয়নে ৫শ' ৪০ কোটি টাকার দুটি বড় প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার বিকেলে এনইসি সম্মেলন কেন্দ্রে নতুন সরকারের পঞ্চম একনেক বৈঠকে প্রকল্প সড়ক উন্নয়ন বিষয়ক প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়। জনগুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রকল্পদুটি পরিকল্পিত সময়ের প্রায় অর্ধেক সময়ে শেষ করার নির্দেশ দেন বৈঠকে। প্রকল্প দুটি হচ্ছে ২৯০ কোটি টাকা ব্যয়ে খুলনা অঞ্চলের জেলা সড়ক উন্নয়ন প্রকল্প ও ২৫০ কোটি টাকার চট্টগ্রাম বিভাগের জেলা সড়ক উন্নয়ন প্রকল্প। বৈঠক শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ তথ্য জানান। প্রথামত একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। দুটি প্রকল্পই সম্পূর্ণ সরকারি অর্থে বাস্তবায়িত হবে। বৈঠকে প্রধানমন্ত্রী প্রকল্প সম্পর্কে বিশেষ কোনো দিক-নির্দেশনা দিয়েছেন কিনা-এ প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, "বৈঠকে অনুমোদিত দুটি প্রকল্পের কাজই আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, যেহেতু খুবই জনগুরুত্বপূর্ণ সে কারণে এ প্রকল্পের কাজ দু' বছরের মধ্যেই শেষ করতে হবে।" বৈঠকে উত্থাপিত কার্যপত্র অনুযায়ী, প্রকল্প দুটির কাজ ২০০৯ সালের ১ জানুয়ারি শুরু হওয়ার কথা। শেষ হওয়ার কথা ২০১৩ সালের ৩১ ডিসেম্বর। তবে প্রধানমন্ত্রী ২০১০ সালের মধ্যে প্রকল্প দুটির কাজ শেষ করতে বলেছেন। প্রধানমন্ত্রী সব উন্নয়ন প্রকল্পের কাজ সময়মতো শেষ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন বলে এ কে খন্দকার জানান। যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্প দু'টি বাস্তবায়ন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১০৩ঘ.