ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সোমবারের যৌথ সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকের একটি প্রশ্নকে 'অবাস্তব' বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।
কলকাতা থেকে প্রকাশিত 'আনন্দবাজার পত্রিকা'র সাংবাদিক জয়ন্ত ঘোষাল পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, ভারতবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য সন্ত্রাসী 'রপ্তানি করতে' পাকিস্তান বাংলাদেশকে 'বাফার স্টেট' হিসেবে ব্যবহার করছে। তখন তার এই মন্তব্যের কোনো জবাব দেননি দীপু মনি।
সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার বলেন, "বাংলাদেশ কিভাবে 'বাফারস্টেট' হবে! মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে।"
মঙ্গলবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফ বলেন, "এটা হাস্যকর ও অবাস্তব প্রশ্ন। বাংলাদেশ কিভাবে 'বাফার স্টেট' হবে। আমরা 'বাফার স্টেটে' বিশ্বাস করি না। আমরা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার মাধ্যমে এই দেশ সৃষ্টি হয়েছে। কারো দয়ায় আমরা স্বাধীন হইনি। এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমরা রক্ষা করবো।"
আনন্দবাজারের জয়ন্ত ঘোষালের প্রশ্নের পর স্থানীয় বেসরকারি বার্তা সংস্থা ইউএনবি'র প্রধান প্রতিবেদক শামীম আহমেদ পররাষ্ট্র মন্ত্রীর কাছে জানতে চান, তিনি ভারতীয় সাংবাদিকের বক্তব্যের সঙ্গে একমত কিনা? কিস্তু দীপু মনি তখনও কোনো জবাব দেননি যাতে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মধ্যে এ ধরণের বিভ্রান্তির সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/এসকে/১৮৫৫ঘ.
bdnews24