ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্ন আদালতে মামলা পরিচালনার জন্য আগের নিয়োগ বাতিল করে মঙ্গলবার পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে আট জন আইনজীবীকে নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর কমিশনের পক্ষে মামলা পরিচালনার জন্য ২০০৭ সালের মে মাস থেকে পর্যায়ক্রমে ১৮ জন পিপি নিয়োগ দেওয়া হয়।
সোমবার ওই নিয়োগ বাতিল করে তাদের মধ্য থেকে এই আট জনকে নতুন করে নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্ত পিপিদের কাছে মঙ্গলবার চিঠি পাঠিয়েছে দুদক।
নবনিযুক্ত পিপিরা হলেন- মোশাররফ হোসেন কাজল, সৈয়দ মিজানুর রহমান, মাহবুব আহমেদ, খুরশিদ আলম, এহসানুল হক সমাজী, হারুন-উর-রশিদ, মীর আহমেদ আলী সালাম ও এ কে এম আব্দুস সালাম।
নতুন করে নিয়োগ পাওয়া পিপি মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগের নিয়োগ বাতিল করে দুদক নতুন করে আট জনকে পিপি হিসেবে নিয়োগ দিয়েছে। আজ (মঙ্গলবার) আমি এ সংক্রান্ত চিঠি পেয়েছি।"
তিনি জানান, কমিশনের ২৬ জানুয়ারির সিদ্ধান্ত অনুযায়ী ২০০৪ সালের দুদক আইনের ৩৩ এর ২ ধারায় নতুন করে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
মাত্র আট জন আইনজীবী নিয়োগের বিষয়ে জানতে চাইলে দুদক-এর মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতির মামলা বিচারের জন্য ১০টি আদালতের মধ্যে ৫টি ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। এতে আদালতগুলোতে মামলার সংখ্যা কমে গেছে। তাছাড়া বিভিন্ন কারণে উচ্চ আদালতে দুদকের মামলা স্থগিত থাকায় আইনজীবীর সংখ্যা কমানো হয়েছে।"
মামলার সংখ্যা বাড়লে আরও আইনজীবী নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।
নিয়োগ বাতিল করা আইনজীবীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা পরিচালনায় অংশ নেওয়া আইনজীবী গোলাম কিবরিয়া ও শহিদুল ইসলাম সরদার রয়েছেন।
বাকিরা হলেন- অ্যাডভোকেট শেখ গোলাম হাফিজ, এ এ এম গোলাম ফাত্তাহ, রফিকুল হক বেনু, আব্দুল হক, শাহনেওয়াজ টিপু ও মো. মোহসিন মিয়া।
অন্য দুইজন নতুন সরকার ক্ষমতায় আসার পর পদত্যাগ করেন। তারা হচ্ছেন- সৈয়দ শামিম আহসান হাবিব ও বোরহান উদ্দিন। এই দুইজনও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা পরিচালনা করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/১৭৪৭ঘ.
bdnews24