ঢাকা, ফব্রেুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনে বিজয়ে আত্মতুষ্টির অবকাশ নেই এবং এই বিজয় দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সরকার গঠনের পর মঙ্গলবার আওয়ামী লীগের কার্যনির্বহী সংসদের প্রথম বৈঠকের লিখিত প্রস্তাবে আওয়ামী লীগ ও মহাজোটের কর্মীদের উদ্দেশে একথা বলা হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের লিখিত প্রস্তাবে বলা হয়েছে, "সংসদ নির্বাচনে বিজয়ে আত্মতুষ্টির অবকাশ নেই। এই বিজয় দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে।"
শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ বৈঠক হয়।
বৈঠক শেষে আওয়ামী লীগের মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্তগুলো জানান।
বৈঠকের শুরুতে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগকে নির্বাচিত করায় সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা জিল্লুর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী হওয়ায় তাকে অভিনন্দন জানান হয়।
এ সময় নির্বাচনে বিজয়ের জন্য শেখ হাসিনাকেও কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
এক ঘণ্টা বৈঠক হওয়ার পর সাড়ে ১১টা থেকে আধ ঘণ্টার জন্য তা মুলতবি করা হয়।
এসময় সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, "বৈঠকে রাষ্ট্রপতি হওয়ায় আমাদের বর্ষীয়ান নেতা জিল্লুর রহমানকে অভিনন্দন জানানো হয়েছে। আওয়ামী লীগের জন্য তার অবদান অনেক। আওয়ামী লীগ তার ৬০ বছরের ইতিহাসে এ প্রথম কোন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালো। দলটির ইতিহাসে এ রকম সুযোগ আর আসেনি।"
১/১১ এর পর জিল্লুর রহমানের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, "১/১১ এর পর তিনি (জিল্লুর রহমান) দলকে এগিয়ে নিয়ে গেছেন। যখন রাজনীতিন উপর সাঁড়াশি অভিযান চালানো হয় তখন তার পদক্ষেপগুলো ছিল বলিষ্ঠ।"
রাষ্ট্রপতি হিসেবে জিল্লুর রহমানের সফলতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আশরাফ বলেন, "আমরা আশা করছি, তিনি অত্যন্ত নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তিনি আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমানকে অভিনন্দন জানানোর সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রথানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, "জিল্লুর রহমানকে অভিনন্দন জানানোর সময় শেখ হাসিনা নিজেও আবেগতাড়িত হয়ে পড়েন। এ সময় শুধু হাসিনাই নয়, জিল্লুর রহমানসহ কার্যনির্বাহী সংসদের অধিকাংশ সদস্যই আবেগতাড়িত হন। অশ্র"সিক্ত চোখে শেখ হাসিনা জিল্লুরকে ফুল দিয়ে অভিনন্দন জানান।"
দুপুর দেড়টায় বৈঠক শেষে সৈয়দ আশরাফ সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের সিদ্ধান্তগুলো জানান।
তিনি জানান, বৈঠকের প্রথম পর্বে জিল্লুর রহমানকে দলের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য ও জাতীয় সংসদের উপনেতাকে অভিনন্দন জানিয়ে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিমসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
এ প্রসঙ্গে আশরাফ সংবাদ সম্মেলনে বলেন, "আমরা আশা করি, জিল্লুর রহমান সাহেব সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। ইয়াজউদ্দিন আহম্মেদসহ অন্যরা মাথা নত করে এই পদকে কলঙ্কিত করেছেন। তিনি (জিল্লুর রহমান) তা করবেন না।
"বৈঠকে শেখ হাসিনা বলেছেন, 'দল শক্তিশালী না হলে নির্বাচনে এই ফলাফল পাওয়া যেতো না।' আওয়ামী লীগ সভানেত্রী দলকে আরো শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন, 'নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে হবে'।"
সৈয়দ আশরাফ বলেন, "শেখ হাসিনা মনে করেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা সম্ভব।"
এছাড়া, বৈঠকে ২১ ফেব্র"য়ারি, ৭ মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের কর্মসূচী চূড়ান্ত করা হয়েছে বলে জানান সৈয়দ আশরাফ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন কবে অনুষ্ঠিত হবে- জানতে চাইলে আশরাফ সাংবাদিকদের বলেন, "নির্দিষ্ট এজেন্ডা নিয়ে পরবর্তী বৈঠকগুলোতে আলোচনা হবে। পরবর্তীতে সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হবে।"
দল ও সরকারকে কর্মকাণ্ডকে পৃথকভাবে পরিচালনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা- জানতে চাইলে আশরাফ বলেন, "দল ও সরকার একাকার হয়নি। দল ও সরকার একে অন্যের পরিপূরক শক্তি। দল ও সরকার যে যার নিজেস্ব গতিতে চলবে।"
এই প্রসঙ্গে তিনি আরো বলেন, "দল থেকেই সবাই নির্বাচিত হন। জনগণ বিরাজনীতিকরণের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। দল ও সরকার কার্যত আলাদা থাকবে।"
আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের মুখপাত্র জানান, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জেলা পর্যায়ে দলে যে বহিষ্কারের ঘটনা ঘটেছে সেগুলো সংগঠনের গঠনতন্ত্রবিরোধী।
বৈঠক থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা ও কর্মচারী, দেশি-বিদেশি সব নির্বাচন পর্যবেক্ষক এবং সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানানো হয়।
বৈঠক থেকে সেক্টর কমান্ডার্স ফোরামসহ দেশের বীর মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এজে/জিএনএ/১৬০৭ ঘ.
bdnews24