ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এখতিয়ার ও আইন বহির্ভূত কর্মকাণ্ডের জন্য এবার প্রতিরক্ষা গোয়েন্দা মহা পরিদপ্তরের (ডিজিএফআই) নিন্দায় মুখর হলেন সাংসদ রাশেদ খান মেনন।
রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে তীব্র ভাষায় প্রতিরক্ষা গোয়েন্দা মহা পরিদপ্তরের সমালোচনা করেন ওয়ার্কার্স পার্টির নেতা মেনন।
সংসদীয় কমিটি গঠন করে ডিজিএফআই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান মেনন ।
২৯ শে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারে প্রত্যাবর্তনের পর থেকে কয়েকজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা বিশেষ করে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়কালে ডিজিএফআই এর কর্মকাণ্ডের সরব প্রতিবাদ করেছেন।
রাশেদ খান মেনন অভিযোগ করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ডিজিএফআই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মতো বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চেয়েছিল।
তত্ত্বাবধায়ক সরকারের সময় এ গোয়েন্দা সংস্থাটির বিরুদ্ধেরাজনৈতিক প্রক্রিয়ায় নানারকম হস্তক্ষেপ ও বিশেষ করে নেতাদের আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ ও শারিরীক-মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। এসময় ডিজিএফআই এমনকি প্রচারমাধ্যমসহ সব মহলের কাছে কার্যত এক আতঙ্কে পরিণত হয়।
মহাজোট থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, "আইএসআই এর কায়দায় ডিজিএফআই ইনফরমেশন সেল গঠন করে টেলিভিশন ও সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে। পলিটিক্যাল উইং করে রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক দল গঠনের চেষ্টা করা হয়েছে। কিংস পার্টি তৈরি করার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির চেষ্টা করা হয়েছে। সংস্কারের নামে দল ভেঙেছে ডিজিএফআই।"
তিনি বলেন, "আমি প্রশ্ন করি বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে কিনা।"
মেনন ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীকে উদ্দেশ করে বলেন, " এখন আমাদের সংসদীয় কমিটি গঠন করে ডিজিএফআই'য়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে।"
আইন মন্ত্রী শফিক আহমেদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, "এই সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দিতে হবে 'ডকট্রিন অব নেসিসিটির' বিবেচনায়। আরেকবার ডকট্রিন অফ নেসিসিটি দিতে চাই না। সংসদের মাধ্যমেই নির্ধারণ করতে হবে দেশ কিভাবে চলবে।"
এর আগে মেনন ২০০৭ সালের জরুরি অবস্থা জারির সময়কালে সেনাবাহিনীর ভূমিকারও সমালোচনা করেন। তিনি বলেন, "সেনাপ্রধান তার বইতে লিখেছেন, জনগণ নাকি চেয়েছিলেন সেনাবাহিনী ক্ষমতায় আসুক। সেনাবাহিনী অত্যন্ত ভদ্রবেশে ক্ষমতায় এসেছিলো। কিছু দিন পর তাদের চেহারা দেখতে পেয়েছি।"
মেনন আরো বলেন, সেনা শাসন না হলেও তত্ত্বাবধায়ক সরকার যে সেনা নিয়ন্ত্রিত সরকার ছিলো তা নিয়ে কারো দ্বিমত ছিলো না। তারা বলেছিলো - দ্রুত নির্বাচন দেবো । কিন্তু, তা তারা দিতে পারেনি।
'সেনা নিয়ন্ত্রিত' ওই সরকারের সময় গরীব মানুষের পেটে লাথি মারা হয়েছে মন্তব্য করে মেনন বলেন, "৪০ লাখ মানুষের পেটে লাথি মারা হয়েছে। আমরা দেখেছি দ্রব্যমূল্যের উর্দ্ধগতির ঘটনা ঘটেছে। আর, তারা আমাদের খাদ্যাভাস পরিবর্তন করতে বলেছে। সাইফুর রহমান কপি খেতে বলেছিলেন। আর, সেনা প্রধান আলু খেতে বলেছেন।"
মেনন আরো বলেন, "প্রধানমন্ত্রীর মতো আমিও বলতে চাই, দুর্নীতি বিরোধী অভিযান একটা ঝাকি দিয়েছে। কিন্তু, পরে দেখলাম রাজনীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এক পাল্লায় সবাইকে মাপা হলো। রাজনীতিবিদদের হেয় প্রতিপন্ন করতে টেলিভিশনে ভাড়াটে লোকদের আনা হয়।"
সাবেক আইন উপদেষ্টা মইনুল হোসেনের সমালোচনা করে মেনন বলেন, "আইন উপদেষ্টা বরিশালের ভাষায় রাজনীতিবিদদের বিরুদ্ধে বিষোদগার করেছেন।"
রাষ্ট্রপতির ভাষণের ওপর আরো বক্তব্য দেন সাহারা খাতুন, এ বি এম রুহুল আমিন হাওলাদার, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, নজরুল ইসলাম বাবু, গোলাম মাওলা রনি, কে এম খালিদ, সাধন চন্দ্র মজুমদার, মোয়াজ্জেম হোসেন রতন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এমএ/এসকে/২১৫৪ঘ.
bdnews24