২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাস্কফোর্স প্রস্তাবের খসড়া জনসমক্ষে প্রকাশ করুন: বিএনপি

সন্ত্রাস দমনে দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাবের বিরোধিতা করে এর খসড়া জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে প্রধান বিরোধীদল বিএনপি। গুলশানে রোববার বিকেলে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস দমনে দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাবের বিরোধিতা করে এর খসড়া জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে প্রধান বিরোধীদল বিএনপি। গুলশানে রোববার বিকেলে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ দাবি জানান। এ ধরনের আঞ্চলিক টাস্কফোর্সকে দেশের "স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী' আখ্যা দিয়ে তিনি বলেন, " বিএনপি এই প্রস্তাবের বিরোধী। আমরা মনে করি টিফা, ট্র্যানজিট ও দক্ষিণ এশীয় টাস্কফোর্স সংক্রান্ত চুক্তিগুলো একই সূত্রে গাঁথা।" খোন্দকার দেলোয়ার সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, তারা জনগণকে অন্ধকারে রেখে, কারো কোন মতামত না নিয়ে আঞ্চলিক টাস্কফোর্স গঠনের কথা বলছে। এতে এটিই মনে হচ্ছে যে কারো প্রতি কৃতজ্ঞতার প্রকাশ অথবা ঋণ পরিশোধের তাগাদা থেকে তারা এ ধরনের কথা বলছে।" বিএনপি মহাসচিব সরকারকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে টাস্কফোর্স প্রস্তাবের খসড়া প্রকাশেরও দাবি জানান তিনি। সন্ত্রাস বা জঙ্গিবাদের বিরুদ্ধে তার দলের অবস্থান তুলে ধরে দেলোয়ার দাবি করেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন করেছে। বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানকে গ্রেপ্তার করে বিচারের জন্য সোপর্দ করা হয়েছে। বস্তুত, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বাংলা ভাইসহ বিভিন্ন জঙ্গীগোষ্ঠী মাথাচাড়া দেয়। জোট সরকারের মন্ত্রীরা 'বাংলা ভাই' বলে কেউ নেই বলেও দাবি করেছিলেন। দেলোয়ার আবারো বলেন, সশস্ত্রবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবহার করেই জঙ্গিবাদ দমন করা সম্ভব। এজন্য আঞ্চলিক টাস্কফোর্সের প্রয়োজন নেই। টাস্কফোর্স গঠন করা হলে দেশে বিদেশি শক্তির প্রভাব ও সহিংসতা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিএনপি মহাসচিব মন্তব্য করেন, "এছাড়া আমদের কাছে প্রতীয়মান হয়েছে যে, আন্তর্জাতিক পরামর্শে এই টাস্কফোর্স গঠন করা হচ্ছে।" ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, শিরিন সুলতানা ও মিডিয়া সেলের মারুফ কামাল খান সোহেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/টিআর/এসকে/১৯৩৯ঘ.