২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র : বাউচার

বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে বলে জানিয়েছেন সেদেশের সফররত দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী রিচার্ড বাউচার। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে বলে জানিয়েছেন সেদেশের সফররত দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী রিচার্ড বাউচার। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাউচার এই আশ্বাস দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ। রিচার্ড বাউচার রোববার বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। তারা বিকাল তিনটা থেকে প্রায় সোয়া ঘন্টা আলোচনা করেন। সাক্ষাত শেষে আবুল কালাম আজাদ এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু জানান। আবুল কালাম আজাদ বলেন, রিচার্ড বাউচারকে প্রধানমন্ত্রী বলেছেন, "যুদ্ধাপরাধীদের বিচার কোনো রাজনৈতিক বিষয় নয়। যুদ্ধাপরাধীদের বিচার দেশবাসীর দাবি। এই বিষয়ে সংসদে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' " আজাদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে তারা সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন বাউচার। শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে তদন্ত করছে তা অব্যাহত রাখার অনুরোধও জানিয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর তথ্যসচিব। বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ীরূপ দেওয়া এবং সংসদকে কার্যকর করার জন্যও যুক্তরাষ্ট্রের সহায়তা চান শেখ হাসিনা। আবুল কালাম আজাদ জানান, শেখ হাসিনা মার্কিন মন্ত্রীকে জানিয়েছেন, কোনোভাবেই দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী ও কার্যকর করা হবে এবং বিচার বিভাগকে স্বাধীন করা হবে। সন্ত্রাস দমনে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও শেখ হাসিনা জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, "সন্ত্রাসীদের কোনো সীমা নেই।" শেখ হাসিনা বাউচারকে জানান, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ভূমিকা রাখতে চায়। এজন্য তার সরকার দক্ষিণ এশীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। এই এলাকায় শান্তি প্রতিষ্ঠায় তার সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সন্ত্রাস দমনে র‌্যাব, পুলিশ ও বিডিআরকে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য রিচার্ড বাউচারকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মানবাধিকার, বাক স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিষয়ে প্রতিশ্র"তিবদ্ধ। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোষাকের শুল্ক মুক্ত প্রবেশের অনুরোধ করেন তিনি। সচিব জানান, মুসলিম দেশ হিসাবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্ত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ওবামা কয়েকটি মুসলিম দেশ সফর করবেন বলে ঘোষণা দিয়েছেন। এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ জানান, বৈঠকে টিফা চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি আরো বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতি দমন কমিশনকে দুর্বল করা যাবে না। একে স্বাধীন ও শক্তিশালী করতে হবে।" সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ তথ্য সচিব নকিব উদ্দিন আহম্মেদ ও মাহবুবুল হক শাকিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৯১৯ঘ.