ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে' টিফা ও ট্রানজিট চুক্তি জনগন মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুব দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন । একইসঙ্গে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের জন্য সরকারের কঠোর সমালোচনাও করেন বিএনপি মহাসচিব।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে যুব দলের উদ্যোগে 'দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি' ও খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ প্রত্যাহারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
দেলোয়ার বিরাজমান পরিস্থিতিতে খালেদা জিয়ার এসএসএফ সুবিধা তুলে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন,''যে নেত্রী নির্বাচনে 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' এর ডাক দিয়েছিলেন। নির্বাচনের পর আজ তাকেই নিরাপত্তাহীনতায় ফেলে দেওয়া হয়েছে।''
সংসদে যোগ দিতে নিজের দলের আগ্রহের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন,'' আমরা সংসদে কার্যকর ভূমিকা রাখতে চাই। সরকারি দল ইচ্ছাকৃতভাবে আমাদের আসন পুনর্বিন্যাস করে সংকট তৈরি করেছে। সরকারি দল বিরোধী দলকে সংসদে চায় না বলেই আসন নিয়ে এরকম কাড়াকাড়ি করছে।''
টিফা ও ট্রানজিট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদে আলোচনার দাবি জানিয়ে দেলোয়ার বলেন, '' দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি মানুষ মেনে নেবে না। ক্ষমতায় আনতে সাহায্য করেছে বলে সেই কতৃজ্ঞতায় সবকিছু উজাড় করে দিয়ে চুক্তি করতে চায় আওয়ামী লীগ। এজন্য তারা তাড়াহুড়া করে চুক্তি করছে।'' তিনি এ ব্যাপারে দলমত নির্বিশেষে সকল পেশার মানুষকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানিয়েছেন।
যুব দলের সভাপতি সাংসদ বরকত উল্লাহ বুলু'র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবেদিন ফারুক, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সাংসদ খায়রুল কবীর খোকন, যুব দলের অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/ ১৯২৬ঘ.
bdnews24