২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তির তথ্য গোপন মামলায় মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন

সম্পত্তির তথ্য গোপন মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 12:01 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সম্পত্তির তথ্য গোপন মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম সোলায়মান বৃহস্পতিবার শুনানি শেষে মামলার অভিযোগ গঠনের নির্দেশ দেন। একই সঙ্গে আদালত ১০ ফেব্র"য়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৩ লাখ ২৯ হাজার ২৬৪ টাকার সম্পদ গোপন ও সম্পদের হিসেব বিবরণীতে অসত্য তথ্য দেয়ার জন্য দুর্নীতি দমন কমিশন আইন-এর ২৬ এর ২ ধারা এবং ১ লাখ ২৩ হাজার ৪৯১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের জন্য দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। তিনি জানান, মেয়রের অসুস্থতার প্রেক্ষিতে আইনজীবীরা তাঁর পক্ষে আদালতে হাজিরা দেন। মেয়রের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা থেকে মেয়রকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছিল। কিন্তু বিচারক তা মঞ্জুর না করে অভিযোগ গঠনের নির্দেশ দেন। উল্লেখ্য, দুদক ২০০৭ সালের ২ ডিসেম্বর মামলাটি দায়ের করে। এছাড়া মেয়রের বিরুদ্ধে একই আদালতে আয় কর ফাঁকির অপর একটি মামলার বিচার কাজ হাইকোর্টের আদেশে স্থগিত আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিআর/১৭৫০ঘ.