ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আব্দুল মান্নান ভূঁইয়া, এম সাইফুর রহমানের মামলার স্থগিতাদেশের মেয়াদ আরো চার মাস বাড়িয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ কে রায় হাইকোর্টের আদেশ অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা ১৯ মে, শামসুল ইসলাম ও এম কে আনোয়ারের ১৯ মে এবং মান্নান ভূঁইয়া ও সাইফুর রহমানের বিরুদ্ধে ১৭ মে পর্যন্ত মামলা স্থগিতের মেয়াদ বাড়িয়ে ওই তারিখে পরবর্তী কার্যক্রমের জন্য দিন ধার্য করেন।
এদিকে অপর অভিযুক্ত এ কে এম মোশাররফ হোসেনের পক্ষে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের সত্যায়িত অনুলিপি দাখিলের জন্য বিচারক আগামী ২২ ফেব্র"য়ারি তারিখ দিয়েছেন।
এর আগে আলী আহসান মুজাহিদের পক্ষে হাইকোর্টের স্থগিতাদেশ অনুযায়ী আগামী ৬ মে পর্যন্ত স্থগিতের মেয়াদ বাড়িয়ে পরবর্তী কার্যক্রমের জন্য দিন ধার্য করে একই আদালত।
বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. শামসুল আলম বাদি হয়ে গত বছরের ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় ১৬ জনকে আসামি করে মামলা করেন।
এ মামলায় গত বছরের ২৮ আগস্ট খালেদা জিয়া জামিন পান।
গত বছরের ১৬ অক্টোবর হাইকোর্ট মামলাটি (খালেদা জিয়ার অংশের অভিযোগ) প্রথমে তিন মাসের জন্য স্থগিত করে। পরে চলতি বছরের ১১ জানুয়ারি আবারো ৪ মাসের জন্য স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।
বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে বর্ধিত স্থগিতাদেশের অনুলিপি আদালতে দাখিল করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেসবাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এএল/এইচএ/১৭০৫ ঘ.
bdnews24