২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি কর্মসূচি, নীলফামারীর কিশোরগঞ্জে সভা-সমাবেশ নিষিদ্ধ

জেলার কিশোরগঞ্জ আওয়ামী লীগের দু'পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করে সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। শহরের পাঁচটি পয়েন্টে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 10:10 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

নীলফামারী, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার কিশোরগঞ্জ আওয়ামী লীগের দু'পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করে সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। শহরের পাঁচটি পয়েন্টে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা সামসুল আজম এই ঘোষণা দেন। উপজেলা চেয়ারম্যান পদের বেসরকারি ফলাফল বাতিল ও বহালের দাবিতে উভয় পক্ষ বৃহস্পতিবার শহরে বিক্ষোভ মিছিল বের করার ঘোষণা দেয়। উপজেলা রিটার্নিং অফিসার ঘোষিত ফলাফল অনুযায়ী, ২২ জানুয়ারির নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ী হন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বাবুল। কিন্তু পরে অনিয়মের অভিযোগে এই ফলাফল স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। অনিয়মের ব্যপারে ২৫ জানুয়ারি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন মাসুদো সাকলাইন গাবুল। ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে দ্বিতীয় হন জাতীয় পার্টির রশিদুল ইসলাম ও তৃতীয় হন আওয়ামী লীগের আরেক নেতা মাসুদো সাকলাইন গাবুল। মাসুদো সাকলাইন গাবুল সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে মহাজোটের বিজয়ী প্রার্থী মারুফ সাকলাইনের ছোট ভাই। বুধবার সন্ধ্যায় উভয় পক্ষ এই পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দেয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাসুদো সাকলাইন গাবুল নির্বাচনে অনিয়ম ও ভোট জালিয়াতির অভিযোগ বৃহস্পতিবার কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল বের করার ঘোষণা দেন। আর বিজয়ী প্রার্থী জাকির হোসেন বাবুলও নির্বাচনী ফলাফল বহালের দাবিতে পাল্টা মিছিল বের করার ঘোষণা দেন। দু'পক্ষের পাল্টাপাল্টি কর্মসুচির কারণে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/টিআর/১৫৫৯ঘ.