সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও তার মেয়েসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা-১ নীতিশ চন্দ্র দে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট 'খ' অঞ্চল-৩ এ বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষে বাদী হয়ে এ মামলা করেন।
নীতিশ চন্দ্র দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপজেলা নির্বাচনে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে ১৪ ও ১৫ নং ধারায় বাংলাদেশ নির্বাচন কমিশন-এর আদেশে ২০০৮-এর বিধি ৮৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।"
মামলার অন্য আসমিরা হচ্ছেন- মন্ত্রী লতিফ বিশ্বাসের মেয়ে সোমা বিশ্বাস, আওয়ামী লীগ সমর্থিত বেলকুচি উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জফলুল হক সরকার, ভাইস চেয়ারম্যান প্রার্থী গাজী আব্দুল হামিদ আকন্দ, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন প্রামাণিক এবং মন্ত্রীর সহকারি একান্ত সচিব হিল্টন রহমান।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২২ জানুয়ারি উপজেলা নির্বাচন চলাকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত নেতা-কর্মীদের কেন্দ্র দখল ও ভোটারদের ইচ্ছার বিরুদ্ধে ভোটদানে বাধ্য করাসহ নানাবিধ অনিয়মের কারণে নির্বাচন কমিশন ভোট গ্রহণ স্থগিত করে।
নির্বাচনের দিন দুপুরে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস তার নিজ এলাকা বেলকুচিতে অবস্থান করছিলেন। মন্ত্রীর প্রভাবে প্রভাবিত হয়ে তার দলীয় নেতা-কর্মীরা এ ধরনের কর্মকাণ্ড ঘটায়।
মামলার সাক্ষীরা হলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. হুমায়ূন কবীর, পুলিশ সুপার মো. আলমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাইউম, বেলকুচির ইউএনও মো. নাসির উদ্দীন, প্রিজাইডিং কর্মকর্তা আবুল হাসেম, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ করিম ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/জিএনএ/১৫৫৮ ঘ.
bdnews24