ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দ্বিপক্ষীয় পণ্য পরিবহণের সুবিধাসম্বলিত বাংলাদেশ ও ভারতের পুরোনো চুক্তিটি নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে বাণিজ্য চুক্তিটি আগামী তিন বছরের জন্য নবায়ন এবং দুদেশের সরকারের মধ্যে দ্বিপাক্ষিক পুঁজি বিনেয়াগ, উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি অনুমোদন করে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তথ্যসচিব আবুল কালাম আজাদ বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তি আগামী তিন বছরের জন্য নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
তথ্য সচিব বলেন, "১৯৮০ সালে জিয়াউর রহমান এ চুক্তিটি স্বাক্ষর করেন। পরবর্তীতে ২০০৬ সালের ২১ মার্চ তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান এটি তিন বছরের জন্য নবায়ন করেন। এ চুক্তিতে ১৩টি ধারা/অনুচ্ছেদ রয়েছে। এগুলোর মধ্য ৮নং ধারায় বলা হয়েছে, (the government agreed to make mutually beneficial agreement for the use of water ways, railways and roads for commerce between the two countries for passes of goods between the places in one country to territory of the other.) দুই দেশের বাণিজ্যের জন্য পণ্য পরিবহনের স্বার্থে উভয় দেশ উভয় দেশের জলপথ, স্থলপথ ও রেলপথ ব্যবহারে সম্মত হয়েছে।"
দুদেশের সরকারের মধ্যে দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ, উন্নয়ন ও সংরক্ষণ চুক্তিটির বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, "বাংলাদেশ সরকারের সঙ্গে অন্যান্য দেশের সরকারের মধ্যে এ ধরনের ২৪টি চুক্তি রয়েছে। এটি ২৫ নম্বর চুক্তি। শেখ হাসিনা এ চুক্তিকে ভালো চুক্তি হিসেবে আখ্যায়িত করে বলেছেন, দেশের মানুষের জন্য ভালো এবং দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হয় এরকম কাজ সরকার আগামীতে আরো করবে।"
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ দুটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি ব্রিফিং করেন।
সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ব্রেনডিনা মারিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন বলেও তিনি জানিয়েছেন। বৈঠকে তাদের মধ্যে নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়। এছাড়া পানি উন্নয়ন বোর্ডকে কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়েও শেখ হাসিনা রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে পুঁজি বিনিয়োগ, উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি উপস্থাপন করা হয়। অন্যান্য দেশের এ ধরণের চুক্তিগুলোর সঙ্গে তুলনামূলক সামঞ্জস্য রেখে পরবর্তী বৈঠকে তা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১৫৩৫ ঘ.
bdnews24