২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিফা, ট্র্যানজিট চুক্তির ব্যাপারে সরকারকে 'ধীরে চলার' আহ্বান বিএনপির

টিফা ও ট্র্যানজিট চুক্তি এবং সন্ত্রাস দমনে দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনে সরকারকে 'ধীরে চলো নীতি' অনুসরনের আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। এসব চুক্তি করার আগে রাজনৈতিক দলসহ সকল মহলের সঙ্গে আলোচনার দাবিও করেছে দলটি। বুধবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের আলোচ্যসূচি জানাতে গিয়ে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 05:50 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিফা ও ট্র্যানজিট চুক্তি এবং সন্ত্রাস দমনে দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনে সরকারকে 'ধীরে চলো নীতি' অনুসরনের আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। এসব চুক্তি করার আগে রাজনৈতিক দলসহ সকল মহলের সঙ্গে আলোচনার দাবিও করেছে দলটি। বুধবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের আলোচ্যসূচি জানাতে গিয়ে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা বলেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৭টার পর দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবস্থা, যুক্তরাষ্ট্রের সঙ্গে টিফা (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) ও ভারতের সঙ্গে ট্র্যানজিট চুক্তি এবং সন্ত্রাস দমনে দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনে সরকারের উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর রাত ১০টার দিকে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিরোধী দলীয় নেতার নিরাপত্তার বিষয়ে সরকারের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "স্থায়ী কমিটির বৈঠকে নেত্রীর নিরাপত্তার বিষয়টি আলোচনা করা হয়েছে। বিরোধী দলীয় নেতা মন্ত্রী পদমর্যাদার হওয়া সত্বেও তার নিরাপত্তা ব্যবস্থায় গতকাল থেকে সাদা পোশাকধারী এসবি দুজন ও হাউজ গার্ড পুলিশ আটজন দেওয়া হয়েছে মাত্র। এক্ষেত্রে কোনোটাতেই গাড়ি দেওয়া হয়নি। কোনো প্রোটেকশন পুলিশ দেওয়া হয়নি।" অতি দ্রুত বিরোধী দলীয় নেতার যথাযথ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন দেলোয়ার। অষ্টম সংসদে বিরোধী দলীয় নেতার নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরে দেলায়ার সাংবাদিকদের বলেন, ওই সময় দুই গাড়িতে আটজন করে মোট ১৬ জন সাদা পোশাকধারী প্রোটেকশন পুলিশ, অপর একটি গাড়িতে সাদা পোশাকের আটজন এসবি পুলিশ, আটজন ক্লোজ প্রোটেকশন পুলিশ, ৫৩ জন হাউজগার্ড পুলিশ এবং ১০ জন অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্য দেওয়া হয়। এছাড়া বিরোধী দলীয় নেতার বাসভবনে প্রোটেকশন ডিউটি পুলিশ ছিল ২৪ জন এবং সাদা পোশাকধারী এসবি পুলিশ ছিল ছয়জন। অথচ এখন বিরোধী দলীয় নেতার জন্য কোনো ক্লোজ প্রোটেকশন নেই। দেলোয়ার বলেন, "বর্তমান বিশেষ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই স্বীকার করেছেন। "আমরা বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা গুরুত্ব সহকারে বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর বরাবরে চিঠিও দিয়েছিলাম। কিন্তু সরকার এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।" টিফা, ট্র্যানজিট এবং সন্ত্রাস দমনে টাস্কফোর্স গঠনে সরকারের তড়িঘড়ি কর্মকাণ্ডের সমালোচনা করে দোলায়ার বলেন, "আমরা কোনো আন্তর্জাতিক চুক্তির বিরোধী নই। এসব চুক্তি করার আগে অবশ্যই দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিতে হবে। তড়িঘড়ি করে কিছু করা যাবে না। সরকারকে ধীর গতিতে এ বিষয়গুলি বিচার-বিশ্লেষণে সকল দল ও বিশেষজ্ঞ মহলের সঙ্গে আলাচনা করতে হবে।" ভারতের সঙ্গে ট্র্যানজিট চুক্তির বিষয়ে তিনি আরও বলেন, "সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকারি দল অন্যদের কোনো কথা শুনবে না এটা ঠিক নয়। এত তাড়াতাড়ি কেন এ চুক্তি করা হচ্ছে তাও আমরা জানি না। তবে বিএনপি মনে করে এ চুক্তিতে আমাদের অর্থনৈতিক স্বার্থ কতটুকু থাকবে তা বিচার বিশ্লেষণের দাবি রাখে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত নিতে হবে। জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করতে হবে।" সরকারি দলকে দলীয় স্বার্থের উর্ধে উঠতে হবে বলেও মন্তব্য করেন তিনি। স্থায়ী কমিটি বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান ও এ শামসুল ইসলাম। প্রসঙ্গত, গত ১ ফেব্র"য়ারি দলের স্থায়ী কমিটির বৈঠকে তৃণমূল পর্যায়ে দল পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/২৩৪৬ঘ.