ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি দমন কমিশনের (দুদক) পুনর্গঠন এবং এর জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, "দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠিত করে একে শক্তিশালী ও এর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কমিশন যেন আবারও দুর্নীতিতে জড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে।"
জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা একথা বলেন।
শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশনের স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে জোর দিয়ে বলেন, "এমনও শোনা গেছে দুর্নীতির অভিযোগে একজনকে ধরে আবার টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে কমিশন। এরকম ঘটনা আগামীতে আমরা আরো শুনতে পারবো।"
শেখ হাসিনা তার দলের সাংসদদের দুর্নীতির ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, "আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে জীবন যাপন করতে হবে।"
দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংসদে বলেন, "দুর্নীতি একটি ব্যাধির মতো। যখনই একটি অনির্বাচিত সরকার বা উর্দি পড়ে অস্ত্র হাতে কেউ ক্ষমতায় আসে এবং সামরিক শাসন জারি করে, তখনই আসলে দুর্নীতি বাড়ে। তারা দুর্নীতি লালন পালন করে।"
শেখ হাসিনা '৭৫ এর ১৫ আগস্টের আগের অবস্থা এবং পরবর্তীতে সামরিক শাসন জারির পর কি রকম দুর্নীতি হয়েছিলো তার তুলনা করার আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, "অনির্বাচিত সরকারের সময় জবাবদিহিতা থাকে না। স্বচ্ছতা থাকে না। অনিয়ম ও সংবিধান লংঘনের ফলেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়ে।"
তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, "যখনই তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি দমনের নামে রাজনীতি দমন শুরু করলো, তখনই তাদের প্রয়াস ব্যর্থ হয়েছে। যখনই তারা রাজনীতিবিদদের দমন, তাদের পছন্দ মতো দল গঠন, মানুষকে নিয়ে টর্চার শুরু করলো তখনই তাদের প্রয়াস ব্যর্থ হলো।"
একই সঙ্গে তিনি বলেন, "দুর্নীতি করে ধরা-ছোঁয়ার বাইরে থাকা যাবে না। এটা তত্ত্বাবধায়ক সরকারের সময় মানুষ বুঝতে শিখেছে। তাদের শুরুটা ভালোই ছিলো। কিন্তু, যখনই তারা রাজনৈতিক কারণে ক্ষমতাকে ব্যবহার করলো, 'মাইনাস ওয়ান', 'মাইনাস টু' করতে গেলো তখনই তাদের সব কিছইু প্রশ্নবিদ্ধ হলো।"
সরকারের কাছে পাঠানো দুদকের সুনির্দিষ্ট পরামর্শ ও সুপারিশের বিষয়ে সরকার কী পদক্ষেপ নিচ্ছে --এই সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "সুপারিশ যাচাই-বাছাই করে যতটুকু গ্রহণ করার তা গ্রহণ করা হবে। বাকিটা পরিহার করা হবে। দরকার হলে কিছু সংযোজন করা হবে।"
আরেক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "চারদলীয় জোট সরকারের আমলে দলীয়করণ ও ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের কারণে প্রশাসনে কোনো জবাবদিহিতা ছিলো না। প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিলো। এখন সব জায়গায় ডিসিপ্লিন ফিরিয়ে আনা হবে।"
তিনি আরো বলেন, "যারা অপরাধ করবে তারা যেমন দোষী, তেমনি যারা আইন-শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হবে তারাও সমানভাবে দোষী হবে। কারণ, তারা আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হচ্ছে।"
সারা দেশে দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর ঘূষ গ্রহণকালে হাতে নাতে ধরার কৌশল হিসেবে ফাঁদ মামলার বিধান চালু করা হয়েছে বলে জানান শেখ হাসিনা।
এর আগে, চট্টগাম -১০ আসনের আওয়ামী লীগ সাংসদ এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারি কার্যক্রম, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয়, জেলা ও উপজেলায় ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তোলা হবে। হাইকোর্টের সঙ্গে জেলা পর্যায়ে নেটওয়ার্ক গড়ে তুলে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা করা হবে। চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রেও এ ধরণের ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী জানান, ২০১৩ সালে মাধ্যমিক স্তর এবং ২০২১ সালে প্রাথমিক স্তরে আইটি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। তিনি এ সময় সরকারি কার্যক্রম ও পরিসেবাক্ষেত্রসহ বিভিন্ন পর্যায়ে ইন্টারনেটের মাধ্যমে সেবা বিতরণের ব্যবস্থা চালু করার কথা বলেন।
টেন্ডার সংগ্রহ ও জমা দেওয়া, টেলিফোন, বিদ্যুৎ বিল, বিমান, ট্রেনের টিকেট সংগ্রহসহ ক্রয়-বিক্রয় ইত্যাদি ক্ষেত্রে ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইসিটি ইনকিউবেটর এবং কম্পিউটার ভিলেজ স্থাপন করা হবে।
শেখ হাসিনা জানান, সফটওয়্যার ও আইটি সার্ভিস শিল্পের বিকাশের জন্য কাওরান বাজারে আইসিটি ইনকিউবেটর স্থাপন করা হয়েছে। মহাখালিতে সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।
সরকারি পর্যায়ে কম্পিউটারাইজেশন এবং ই-গভর্ন্যান্স প্রবর্তনের জন্য সচিবালয়ের অভ্যন্তরে সব মন্ত্রণালয়কে একটি কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আনার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান।
তিনি বলেন, বিশ্ব ব্যাংকের সহায়তায় মন্ত্রণালয়, জেলা এবং উপজেলা পর্যায়ে সীমিত সংখ্যক প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এছাড়াও দেশব্যাপী সরকারি দপ্তরগুলোর মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে একটি প্রকল্প সরকারের বিবেচনাধীন রয়েছে।
কুমিল্লা - ৯ আসনের আওয়ামী লীগ সাংসদ মোঃ তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "প্রতিটি উপজেলায় একটি করে কারিগরী স্কুল ও কলেজ স্থাপন করার পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে।" এ প্রসঙ্গে তিনি বলেন, "যারা যে বিষয়ে পারদর্শী অষ্টম শ্রেণীর পর তাদের সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এমএ/এইচএ/এসকে/২০২১ঘ.
bdnews24