ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন অনিয়মের অভিযোগে সারাদেশে মোট ৪০টি উপজেলা নির্বাচনের ফল প্রথম ধাপে গেজেটে প্রকাশ হচ্ছে না।
বুধবার নতুন ৩৩টি উপজেলার ফল গেজেটে প্রকাশ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ৭টি উপজেলার ফলাফল স্থগিত রেখে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুয়েক দিনের মধ্যেই ৪৩৫টি উপজেলার ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে। ইতোমধ্যে এসব উপজেলার ফলাফল ছাপতে বিজি প্রেসে পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, এরমধ্যে কমপক্ষে ৬টি উপজেলার আংশিক ফল এবং বাকিগুলোর সব পদে (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান) নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফলের গেজেট হবে।
"ওই ৩৩টি উপজেলার ফলাফল খতিয়ে দেখে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে", বলেন ইসির এই কর্মকর্তা।
নতুন ৩৩ উপজেলা হলো- মুন্সীগঞ্জ জেলার গজারিয়া, নীলফামারীর কিশোরগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর, জামালপুরের ইসলামপুর ও মাদারগঞ্জ, মানিকগঞ্জের দৌলতপুর, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, বরিশালের মুলাদি, গাইবান্ধা সদর উপজেলা ও সাঘাটা, ফেনীর ফুলগাজি, কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, লাঙলকোট, চৌদ্দগ্রাম, ঢাকার কেরাণীগঞ্জ, লক্ষ্মীপুরের রায়পুর, চট্টগ্রামের ফটিকছড়ি, চাঁদপুরের কচুয়া, বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরনখোলা, পিরোজপুরের নেসারাবাদ, জিয়া নগর, সিরাজগঞ্জের চৌহালি ও উল্লাপাড়া, হবিগঞ্জের আজমীরিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আশুগঞ্জ, নেত্রকোণার আটপাড়া ও সদর উপজেলা, ঝিনাইদহের হরিণাকুণ্ড, মাদারীপুর সদর, ময়মনসিংহের নান্দাইল ও ভালুকা।
গত ২২ জানুয়ারি একযোগে ৪৭৫টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের দিন চারটি উপজেলা (ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কুমিল্লার বরুড়া ও সিরাজগঞ্জের বেলকুচি) এবং নির্বাচনের আগে খাগড়াছড়ির দিঘীনালা এবং কক্সবাজারের উখিয়া উপজেলার নির্বাচন স্থগিত করে ইসি।
এছাড়া ২৭ জানুয়ারি ৭টি উপজেলার ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন।
ওই সাতটি উপজেলা হলো- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, কক্সবাজারের টেকনাফ, গাজীপুরের কালীগঞ্জ, বরিশালের মেহেন্দীগঞ্জ, কুমিল্লার মুরাদনগর ও নরসিংদীর রায়পুরা।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট, ফরিদপুর, পঞ্চগড়, বাজশাহী, যশোর, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, ভোলা, কুড়িগ্রাম, জয়পুরহাট, ঠাকুরগাঁও, রাজবাড়ী, শেরপুর, রংপুর, নাটোর, গোপালগঞ্জ, ঝালকাঠি, মেহেরপুর, বরগুনা, লালমনিরহাট, কুষ্টিয়া, টাঙ্গাইল, বান্দরবান, বগুড়া, মাগুরা, পটুয়াখালী, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খুলনা, নড়াইল, পাবনা, শরীয়তপুর, নোয়াখালী, রাঙ্গামাটি জেলার সবকটি উপজেলার ফলাফলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ হচ্ছে।
এছাড়া বাকি জেলাগুলোর দুয়েকটি করে উপজেলার ফলাফল নিয়ে অভিযোগ থাকায় প্রথম পর্যায়ে সেগুলো গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/২০৩৫ ঘ.
bdnews24