ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন পুনর্বিন্যাসে স্পিকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করায় মঙ্গলবারও সংসদ অধিবেশনে যোগ দেয়নি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সাংসদরা।
বিকেলে সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার সভাকক্ষে বিএনপি সংসদীয় দলের সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেন, "আমরা স্পিকারের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আজো আমরা সংসদে যাচ্ছি না।"
সন্মানজনক আসন পাওয়ার অপেক্ষায় বুধবার বিকেল পর্যন্ত সভা মুলতবি করা হয়েছে বলে জানান তিনি।
বিকেল পাঁচটার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের ওই সভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াত ও বাংলাদেশ জাতীয় পার্টির তিন সাংসদও উপস্থিত ছিলেন।
সভায় বিরোধী দলের নেতার নিরাপত্তার দায়িত্ব থেকে এসএসএফ প্রত্যাহার করে নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সাংসদরা।
এদিকে, মঙ্গলবারের সভায় খালেদা জিয়ার সভাপতিত্ব করার কথা থাকলেও এদিন তিনি উপস্থিত ছিলেন না।
সোমবার বিরোধী দলের প্রধান হুইপ সাংবাদিকদের জানিয়েছিলেন, "মঙ্গলবারের সভায় বিরোধী দলের নেতা খালেদা জিয়া সভাপতিত্ব করবেন।"
এ ব্যাপারে সংবাদ ব্রিফিংয়ে জয়নাল আবেদীন ফারুক বলেন, "খালেদা জিয়ার বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ প্রত্যাহার করায় পর্যাপ্ত নিরাপত্তার অভাবেই তিনি আজকের সভায় আসতে পারেননি। উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।"
অধিবেশনে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে- আসন পুনর্বিন্যাসের বিষয়ে স্পিকারের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকবো। এখন পর্যন্ত স্পিকারের পক্ষ থেকে আমরা কোনো সাড়া পাইনি।"
গত ২৮ ডিসেম্বর থেকে বিরোধীদল সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রয়েছে।
সংসদের বিশেষ কমিটিতে বিরোধী দলীয় নেতার মনোনীত সদস্যদের অন্তর্ভুক্তির দাবিও জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে জারি করা ১২২টি অধ্যাদেশ সম্পর্কিত বিশেষ কমিটিতে বিরোধী দলীয় নেতা দলের সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও এম কে আনোয়ারের নাম প্রস্তাব করেছিলেন। তবে সেখানে এম কে আনোয়ারের নাম ঠিক রেখে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্থলে জয়নাল আবেদীন ফারুকের নাম অন্তর্ভুক্ত করা হয়।
বিরোধী দলের চিফ হুইপ বলেন, "বিরোধী দলের নেত্রীর সম্মতির বাইরে এ ধরনের নাম অন্তর্ভুক্তি দুঃখজনক।"
সাংসদ বরকত উল্লাহ বুলু সংসদের সভাপতিমণ্ডলীর তালিকায় বিরোধী দলের সদস্যের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, "এটি সংসদীয় রীতি বহির্ভুত। স্পিকার সভাপতিমণ্ডলীর তালিকায় বিরোধী দলের একজন সদস্যকেও রাখেননি।"
ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির আলহাজ মোশাররফ হোসেন, অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১৯২৫ ঘ.
bdnews24