ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার প্রতিশ্র"তি রক্ষা না করে বিদেশীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরী বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ''সরকার এক বছরে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কোনো ক্ষেত্রেই তাদের সফলতা নেই। ডিজিটাল পদ্ধতিতে তারা নিজেদের আখের গুছিয়েছে। মানুষের কাছে দেওয়া ওয়াদা পুরণের পরিবর্তে বিদেশীদের স্বার্থ রক্ষায় সরকার ব্যস্ত রয়েছে।''
নবাগতদের অভিনন্দন জানিয়ে বলেন, ''আওয়ামী লীগ কী তা আজ দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিতে সরকারি দলের লোকজন ব্যস্ত রয়েছে। এক বছরে তারা দেশের মানুষের কল্যাণে কোনো কাজ করেনি। ''
বিএনপি নতুন বছরে সফলভাবে সামনে দিকে এগিয়ে যাবে-এ প্রত্যাশা ব্যক্ত করে খালেদা জিয়া দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সরকারের সমালোচনা করে খালেদা বলেন, বিগত একটি বছরে তাদেরকে জনগণ সুযোগ দিয়েছে- দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিধান করতে। কিন্তু বাস্তবে মানুষ কিছুই পায়নি।
তিনি নববর্ষে শুভেচ্ছা জানান দেশবাসীসহ প্রবাসীদের।
অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২২০০ ঘ.
bdnews24