ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরো ৪৫৮টি মামলা প্রত্যাহার করছে সরকার।
বছর শেষে এ নিয়ে ১১ দফায় মোট ১ হাজার ৮১৭টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হলো। এর মধ্যে ১৯৫টি দুর্নীতি দমন কমিশনের মামলা। বাকিগুলো দণ্ডবিধি ও অন্যান্য ধারার।
এ পর্যন্ত ৬ হাজার ৫৮২ টি মামলা প্রত্যাহারের জন্য উপস্থাপন করা হয়েছে।
'রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি'র একাদশ বৈঠকে বৃহস্পতিবার ৪৮৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ জানানোর সিদ্ধান্ত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকের পর কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈঠকে মোট ১ হাজার ২৫টি মামলা উপস্থাপন করা হয়। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৩১টি এবং দণ্ডবিধির ১ হাজার ২৫টি।
প্রতিমন্ত্রী বলেন, "দুদকের মামলার মধ্যে ২১টি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। তিনটি মামলা প্রত্যাহারযোগ্য নয় বলে নামঞ্জুর করা হয়েছে এবং সাতটি মামলা পরবর্তী বৈঠকে পর্যালোচনার জন্য উপস্থাপন করতে বলা হয়েছে।"
দণ্ডবিধির মামলার মধ্যে ৪৩৭টি প্রত্যাহারের সুপারিশ করেছে কমিটি। ৩৮টি মামলা নামঞ্জুর এবং ৫৫০টি মামলা পরবর্তী বৈঠক উপস্থাপন করতে বলা হয়েছে।
প্রত্যাহারের সুপারিশ করা দুর্নীতি দমন কমিশনের মামলার মধ্যে সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, মাস্টার মুজিবুর রহমান হালদার, আলী রেজা রাজু, ফিরোজা রাজু ও প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ-এর একটি করে মামলা রয়েছে।
দণ্ডবিধির মামলার মধ্যে রয়েছে, সাংসদ আব্দুর রহমান বদির চারটি, অপু উকিলের দুটি, সাবেক সাংসদ হাজী সেলিমের দুটি ও মহিউদ্দিন আহমেদের পাঁচটি।
কামরুল ইসলাম বলেন, "রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে যাদের মামলাই আমাদের কাছে বিবেচনায় আসছে, তাদেরটাই আমরা প্রত্যাহারের সুপারিশ করছি। পরবর্তীতে যেসব মামলা আসবে সেগুলোও আমরা বিবেচনা করব।"
তবে ২০০১-০৭ সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রচুর হয়রানিমূূলক মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রধান বিরোধী দল বিএনপির অভিযোগ, সরকার শুধু আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর নেতাদের বিরুদ্ধে মামলাই তুলে নিচ্ছে।
তবে গত ১৩ অক্টোবর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা একটি মামলা প্রত্যাহারের সুপারিশ করে কমিটি। এছাড়া বিএনপি নেতা মওদুদ আহমদেরও একটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৪৫০ ঘ.
bdnews24