২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভারত সফর গয়ায় তীর্থ ভ্রমণ: সাকা চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকে 'গয়ায় তীর্থ ভ্রমণ' অভিহিত করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকে 'গয়ায় তীর্থ ভ্রমণ' অভিহিত করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মঙ্গলবার চট্টগ্রাম রেল স্টেশন চত্বরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সাকা চৌধুরী এসময় আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করে' মিয়ানমার সীমান্ত দিয়ে প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে নির্মাণের সম্মতি নিয়ে ফিরবেন। এটি হলে তিনি নিজে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে গিয়ে 'ফুলেল সংবর্ধনা' দেবেন বলেও ঘোষণা করেন প্রায়শই চাঞ্চল্যকর বক্তব্য দিয়ে আলোচনা ও বিতর্কের জন্ম দেওয়ার জন্য পরিচিত এ নেতা। ভারতীয় দূতাবাসে সেদেশের নিরাপত্তা রক্ষী নিয়োগের কথিত বিষয়টিও 'জাতির কাছে পরিষ্কার করার' আহ্বান জানান সাকা চৌধুরী। শেখ হাসিনার আসন্ন ভারত সফরের প্রতি ইঙ্গিত করে সাকা বলেন, "আপনি দিল্লি যাচ্ছেন দিল্লির লাড্ডুর প্রত্যাশা নিয়ে। আমরা আশা করবো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করে চট্টগ্রাম হয়ে মিয়ানমার সীমান্ত দিয়ে প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে নির্মাণের সম্মতি নিয়েই ফিরবেন।" 'ভারত টিপাইমুখে কোনদিন বাঁধ দেবে না'- এ নিশ্চয়তা নিয়ে আসতেও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান সাকা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শুধু বিচার নিয়ে পড়ে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, "চাল, ডাল, তেল, বিদ্যুতের দাম বাড়ছে। আর আপনারা পড়ে আছেন বিচার নিয়ে। শুধু বিচার করলেই দেশের মানুষের শান্তি আসবে না।" আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহবুব উল্লাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম, গাজী শাহজাহান জুয়েল, শাহজাহান চৌধুরী, মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বান্দরবান জেলা শাখার সভাপতি সাচিং প্র" জেরী, রাঙামাটি জেলার সভাপতি দীপেন দেওয়ান, বিএনপি নেতা দস্তগীর চৌধুরী, এরশাদ উল্লাহ, আবু আহমেদ হাসনাত প্রমুখও এসময় বক্তব্য দেন। তার বিরুদ্ধে দফায় দফায় মামলা হওয়া প্রসঙ্গে সাকা বলেন, "আমি কথা বললেই মামলা হয়, আর দেশের মানুষরা মামলা করলে জজ সাহেবরা লজ্জা পান। আজকে দেওয়া বক্তব্যের জন্য কত যে মামলা হবে রাব্বুল আলামীনই জানেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২১২১ঘ.