বগুড়া, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া সদরের নারুলী গ্রামে মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে পাঁচ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে।
বগুড়ায় মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে শহরের নারুলী এলাকার নিহত মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের স্ত্রী সাজেদা খাতুন মঙ্গলবার মামলাটি দায়ের করেন।
বিচারক মো. হাসানুজ্জামান মামলাটি নথিভুক্ত করার জন্য বগুড়া সদর থানাকে আদেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার আব্দুল মজিদ শেখ (৭০), নিজামউদ্দিন শেখ (৬৫), নূরে আলম (৬৫), ফকিরে আলম (৬০) ও আমানুল্লাহ (৭০)।
এ ছাড়া ইতোমধ্যে মারা যাওয়ায় আব্দুল হাকিম, গোলাম রহমান ও জুলফিকার নামের তিন রাজাকারকে আসামি করা হয়নি।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১৪ই এপ্রিল সকাল ১১টার দিকে পাকিস্তানি বাহিনীর সহযোগী আট রাজাকার নারুলী গ্রামের বিভিন্ন বাড়িতে অবস্থানরত ১৪ জন মুক্তিযোদ্ধাকে ধরে চোখ ও হাত বেঁধে রেলঘুমটির কাছে নিয়ে যায়।
সেখানে একটি খালের পাশে লাইন করে দাঁড় করিয়ে মেশিনগানের গুলিতে তাদের হত্যা করে।
এদের মধ্যে মামলার বাদী সাজেদা খাতুনের স্বামী ইসমাইল হোসেনও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৯৩১ ঘ.
bdnews24