রাঙামাটি, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাকমা রাজা দেবাশীষ রায় বলেছেন, পার্বত্য চট্টগ্রামে যেকোনো প্রশাসনিক ব্যবস্থা কার্যকরের ক্ষেত্রে বিদ্যমান প্রথাগত রীতিনীতিকে অগ্রাধিকার দিতে হবে।
সোমবার রাঙামাটিতে চাকমা সার্কেলের তিনদিনের রাজপুণ্যাহ'র দ্বিতীয় দিনে আয়োজিত হেডম্যান সম্মেলনে তিনি এ কথা বলেন।
চাকমা রাজা পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পতিকল্পে গঠিত ভূমি কমিশনের কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, "একদিকে যেমন প্রথাগত অধিকারের কথা বলা হয়েছে। অন্যদিকে কিছু স্ববিরোধী বিষয়ও এতে রয়ে গেছে।
"তাই পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উত্থাপিত ২১টি সংশোধনীর আলোকে ভূমি কমিশনের প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন।"
রাজা দেবাশীষ আরো বলেন, নব্বইয়ের দশকে তিন পার্বত্য জেলায় ভূমি বন্দোবস্তি প্রদানের যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তাই এখনো বলবৎ রয়েছে। অতএব এ নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি বন্দোবস্তি প্রদান বা গ্রহণের প্রচেষ্টা চালায় তা অবশ্যই বেআইনি হবে।
তিনি হেডম্যান ও কারবারীদের এ ব্যপারে সজাগ থাকার আহ্বান জানান।
রাজ কার্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে রাজা দেবাশীষ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য উষাতন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. খলিলুর রহমান ও রাঙামাটি পার্বত্য জেলার হেডম্যান সমিতির সভাপতি চিংকিউ রোয়াজা।
সম্মেলনে চাকমা সার্কেলের ১৭৮ জন হেডম্যান ও বিপুল সংখ্যক কারবারী অংশ নেন। এ সময় তারা দায়িত্ব পালনকালে নানা বিচিত্র অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা পার্বত্য চট্টগ্রামের শাসন ব্যবস্থায় ব্রিটিশ আমল থেকে ঐতিহ্যবাহী নেতৃত্বের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, এ নেতৃত্বের প্রতি আস্থা ছিল বলেই ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনকালে এখানকার ঐতিহ্যবাহী নেতৃত্ব এবং প্রথাগত নিয়ম রীতিকে চুক্তিতে স্বীকার করে নেয়া হয়েছিল।
তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নয়টি উপজেলায় নয়টি হেডম্যান কার্যালয় স্থাপনের এবং চাকমা সার্কেলের ১৭৮ জন হেডম্যানের প্রত্যেককে একটি করে সন্মানসূচক তরবারী দেওয়ার ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০৪৩ ঘ.
bdnews24