২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু আসনের জন্য বিএনপি সংসদ বর্জন করছে না: সাকা চৌধুরী

বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংসদে ফেরার জন্য শুধু সামনের সারির একটি আসনই যথেষ্ট নয়। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংসদে ফেরার জন্য শুধু সামনের সারির একটি আসনই যথেষ্ট নয়। এজন্য আরো প্রতিবন্ধকতা রয়েছে যার অবসান করতে হবে। সংসদে গেলে সামনের সারিতে বিএনপিকে আরো একটি আসন দেওয়া হতে পারে স্পিকার আবদুল হামিদের রোববার দেওয়া এ প্রস্তাবের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন সাকা চৌধুরী নামে সমধিক পরিচিত এ জ্যেষ্ঠ নেতা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য সাকা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' শুধু আসন সংখ্যা বাড়ানোর জন্য বিএনপি সংসদে অনুপস্থিত রয়েছে, স্পিকারের এরকম ধারণা সঠিক নয়।..মহাজোটের সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের ওপর যেভাবে নিবর্তনমূলক নানা কর্মকাণ্ড চলছে তা আমাদের সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। স্পিকার ও সরকারি দলকে ওই প্রতিবন্ধকতার অবসান ঘটাতে হবে।'' সংসদের প্রথম অধিবেশনে যোগ দিলেও নতুন স্পিকার আবদুল হামিদ বিরোধী দলের আসন সংখ্যা পুনর্বন্টনের পর থেকেই বিএনপি সংসদে অধিবেশনে যাচ্ছে না। স্পিকার আবদুল হামিদ সোমবার বিকালে সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সংসদে যোগ দিয়ে তাদের দাবি জানালে বিরোধী দলকে সামনের সারিতে আরো একটি আসন দেওয়ার ব্যাপারে সংসদ নেতাকে তিনি অনুরোধ জানাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, শুধু সামনের সারির আসনের জন্য প্রধান বিরোধী দল সংসদ অধিবেশনে যাচ্ছে না স্পিকার তা মনে করে থাকলে ভুল হবে। "আমরা সব সময় বলে আসছি, বিএনপি সংসদে যেতে চায়। সংসদে যেতে চাই না-এরকম কথা আমরা কখনোই বলেনি। কিন্তু সংসদে যাওয়ার পরিবেশ সরকারই বিনষ্ট করেছে," বলেন সাকা। 'পরিবেশ তৈরির শর্ত' হিসেবে তিনি বলেন, "বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও হয়রানি করা হচ্ছে। এটা সরকারকে বন্ধ করতে হবে। একদিকে সংসদে আসার আহবান জানাবেন, অন্যদিকে বিরোধী দলের নেতাদের ওপর নিবর্তনমূলক কর্মকাণ্ড চালানো হবে- তা গ্রহণযোগ্য নয়।'' বিএনপির নির্বাচনী আসনগুলোতে সরকারি দলের মহিলা সদস্যদের দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড চালানো হচ্ছে দাবি করে তিনি এর অবসানও চান। সাকা চৌধুরী দাবি করেন স্পিকারের উক্তিতে এটাই প্রমাণ হয়, দীর্ঘদিন বিরোধী দলকে সংসদের বাইরে রাখার সিদ্ধান্তটি ভুল ছিল। তিনি বলেন, "এর দায় থেকে স্পিকারও মুক্ত নন। কারণ সংসদ কার্যকর করার ব্যাপারের সংসদের অভিভাবক হিসেবে স্পিকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৩৫ঘ.