ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রথম কেন্দ্রীয় কনভেনশন ডাকা হয়েছে আগামী ৩০-৩১ ডিসেম্বর ঢাকা মহানগর নাট্যমঞ্চে।
রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলনে বাসদ আহবায়ক খালেকুজ্জামান জানান, ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কনভেনশন শুরু হবে। এদিন অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে দুুপুরে রাজপথে শোভাযাত্রা এবং বিকেলে আলোচনা সভা।
কনভেনশনের দ্বিতীয় দিন বসবে প্রতিনিধি অধিবেশন। এতে আহ্বায়ক সাংগঠনিক ও রাজনৈতিক এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির উপর প্রতিবেদন উপস্থাপন করবেন। অনুমোদন করা হবে নতুন কেন্দ্রীয় কমিটি। এছাড়া আর্থিক প্রতিবেদন পাস, জনস্বার্থ ও জাতীয় সম্পদ রক্ষায় ভবিষ্যত আন্দোলন কর্মসূচি, বাম বিকল্প গড়ে তোলার পন্থা নির্ধারণসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত হবে।
এ অধিবেশনে ৪৯টি জেলা থেকে আসা সাতশ'রও বেশি প্রতিনিধি ও পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান।
অন্যান্যের মধ্যে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মুবিনুল হায়দার চৌধুরী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রধান উপদেষ্টা আবদুল্লাহ সরকার, সমাজতান্ত্রিক কৃষক ও ক্ষেত মজুর ফ্রন্টের সভাপতি শুধাংশু চক্রবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
১৯৮০ সালের ৭ নভেম্বর বাসদ প্রতিষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০১১০ ঘ.
bdnews24