২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫

ফেনী সরকারি কলেজে শনিবার ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ফেনী, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী সরকারি কলেজে শনিবার ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। আহত পুলিশের উপ-পরিদর্শক আজিমকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া চার ছাত্রলীগ কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিকে ঘটনার প্রতিবাদে ফেনীর সাবেক সাংসদ জয়নাল হাজারী সন্ধ্যায় শহরে এক প্রতিবাদ সমাবেশ করেন। ফেনী মডেল থানার উপ-পরিদর্শক আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, বেলা ১১টার দিকে ২০-৩০ জন বহিরাগত ছাত্রলীগ কর্মী কলেজ ক্যাম্পাসে ঢুকে পুলক নামে এক ছাত্রগলীগ কর্মীকে মারধর করে। এর প্রতিবাদে কলেজ ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী ঘটনাস্থলে এলে প্রথমে কথা কাটাকাটি এবং পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ইটের আঘাতের তিনি (আজিম) মাথায় আঘাত পান। প্রায় একঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কলেজ ক্যাম্পাস, কলেজ রোড ও মাস্টার পাড়াসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজ ছাত্রলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম জুয়েল তাদের ওপর হামলার জন্য সাবেক কলেজ ছাত্রলীগ নেতা নিজাম পাটোয়ারীকে দায়ী করেন। কিন্তু নিজাম পাটোয়ারী বলেন, তারা নয় জুয়েলই সমর্থকদের নিয়ে তার ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার প্রতিবাদে জয়নাল হাজারী শহরের ট্রাঙ্ক রোডে এক প্রতিবাদ সমাবেশে বলেন, "অনেক নির্যাতন সহ্য করেছি, আর নয়। এবার প্রতিরোধ গড়ে তুলব।" কলেজের সংঘর্ষের ঘটনার সূত্র ধরে তিনি বলেন, "সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়ে যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ও ছাত্রলীগ নেতা নিজাম পাটোয়ারীকে পিটিয়েছে।" হামলার বদলে এবার পাল্টা হামলা চালানো হবে বলে প্রতিপক্ষকে হুশিয়ার করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৬ ঘ.