২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রামে বিপুল সংবর্ধনা

মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রামে বিপুল সংবর্ধনা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রামে বিপুল সংবর্ধনা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছানোর পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দলের মহানগর শাখার কর্মীরা ফুলে ফুলে শুভেচ্ছা জানান খসরুকে। সংবর্ধনার জবাবে বিমানবন্দরে সংক্ষিপ্ত সমাবেশে আমীর খসরু দলীয় নেতাকর্মীদের বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে চট্টগ্রামে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার আহবান জানান। বর্তমান সরকার 'অশুভ রাজনীতিতে' নেমেছে মন্তব্য করে তিনি বলেন, "তারা দেশের সব জায়গা থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্রে নেমেছে।" জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হলে এর পরিণাম শুভ হবে না বলে সরকারকে সাবধান করে দেন আমীর খসরু। এর বিরুদ্ধে চট্টগ্রাম থেকে 'দুর্বার আন্দোলন' গড়ে তোলা হবে বলে ঘোষণা করেন তিনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নবনিযুক্ত সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সাবেক ডেপুটি মেয়র দস্তগীর চৌধুরী, বিএনপি নেতা আবু সফিয়ান, শামসুল আলম প্রমুখ। পরে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বিমানবন্দর থেকে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০৩৩ঘ.