২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের অম্লমধুর মূল্যায়ন মুহিতের

নিজের সাম্প্রতিকতম গ্রন্থে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মূল্যায়ন করতে গিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 07:26 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের সাম্প্রতিকতম গ্রন্থে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মূল্যায়ন করতে গিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 'অনুদার গণতন্ত্র' রোধ ও আগের জোট সরকারের 'দুর্নীতি ও দুঃশাসনজনিত' পরিস্থিতি থেকে রেহাই পেতে সহায়তা করায় তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকার প্রশংসার পাশাপাশি আবার তাদের 'গণতন্ত্র ও রাজনীতির বিরুদ্ধাচরণের' সমালোচনা করেছেন তিনি 'তত্ত্বাবধায়ক সরকারের সাতাশ মাস' নামের এ বইটিতে। রোববার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে 'অন্যপ্রকাশ' থেকে বের হওয়া বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। গ্রন্থের একটি নিবন্ধে লেখক বলেছেন, "অনুদার গণতন্ত্র রোধে তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই মূল্যবান ভূমিকা পালন করেছে। কিন্তু সেই ভূমিকা আরো ভালো হতো গণতন্ত্র ও রাজনীতির বিরুদ্ধাচারণ না করলে। রাজনীতিবিদরা যতোই মন্দ হোক না কেন, তাদের সঙ্গে আলোচনা বা বিতর্ক ছাড়া গণতান্ত্রিক আচরণে সংস্কার হতে পারে না। গণতন্ত্রের অগ্রযাত্রা শুধু গণতন্ত্রই ধরে রাখতে পারে।" তত্ত্বাবধায়ক সরকারের সাফল্য-ব্যর্থতা প্রশ্নে তার ভাষ্য: ফখরুদ্দীন আহমদের চব্বিশ মাসের তত্ত্বাবধায়ক সরকারকে আমি ব্যর্থ বলতে পারবো না। বিএনপি-জামাতের পাঁচ বছরের নজিরবিহীন দুঃশাসন ও দুর্নীতি এবং অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের আড়াই মাসের অবৈধ শাসন দেশটিকে যে তিমিরের দিকে ঠেলে দিচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার।" তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদের অবসানের পর দলমত নির্বিশেষে রাজনীতিকরা সে সরকারের কথিত 'রাজনীতিবিরোধী অভিযানের' তীব্র সমালোচনা করেছেন। দুঃখ করে লেখক বলেছেন, যে সুন্দর প্রত্যাশা ২০০৭ সালের জানুয়ারিতে জেগেছিল সেই প্রত্যাশা অনুযায়ী জাতির অর্জন হয়েছে খুবই সীমিত। সরকারের কতিপয় ভ্রান্ত কৌশল ও পদক্ষেপ একটি সুবর্ণ সুযোগকে নানাভাবে নষ্ট করে দেয়। দুর্নীতির বিরুদ্ধে যে আক্রোশ ও ঘৃণা জেগেছিল তা ধরে রাখা গেল না। বরং নানা ব্যর্থ অভিযান দুর্নীতিবাজদের পুনঃপ্রতিষ্ঠা করেছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, অধ্যাপক আনিসুজ্জামান, মুনতাসীর মামুন ও আওয়ামী লীগ নেতা নুহ আলম লেনিন। সভাপতিত্ব করেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। অর্থমন্ত্রী জানান এটি তার ২৩তম বই। বইটিতে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত তার বিভিন্ন স্বাদের প্রবন্ধ-নিবন্ধ ও সাক্ষাৎকার স্থান পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/০০৩০ঘ.