ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কথিত 'ঘুষ' নেওয়ার অভিযোগ সম্পর্কে খবর প্রকাশের প্রতিবাদে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীরা দৈনিক 'আমার দেশ' পত্রিকা পুড়িয়েছে।
সম্প্রতি দৈনিক 'আমার দেশ' পত্রিকায় সজীব ওয়াজেদ জয় এবং প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর বিরুদ্ধে বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল অঙ্কের 'ঘুষ' নিয়েছেন দাবি করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
'সাধারণ শিক্ষার্থীদের' ব্যানারে বেলা এগারোটার দিকে প্রায় পঞ্চাশজন ছাত্রলীগ নেতা-কর্মী অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হয়ে 'আমার দেশ'-এর কয়েকটি কপিতে আগুন ধরিয়ে দেয়।
এ কর্মসূচিতে অংশ নেওয়া ওই শিক্ষার্থীরা দাবি করেন, তারেক রহমানকে রক্ষা করতে দৈনিক 'আমার দেশ' পত্রিকা উদ্দেশ্যমূলকভাবে জয়ের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করেছে।
জয়ের বিরুদ্ধে কথিত 'দুর্নীতির' সংবাদ প্রকাশ করায় ওই পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে গত শনিবার ঢাকা বিশ^বিদ্যালয়ে মিছিল সমাবেশ করে ছাত্রলীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৩৪ ঘ.
bdnews24