চাঁদপুর, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন, বাংলাদেশ (জেএমবি) এর কার্যক্রমে জড়িত সন্দেহে চাঁদপুরের হাইমচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার আলগী বাজার এলাকার ফারুক-ই আজম দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। এই মাদ্রাসার পাশের একটি এতিমখানায় থেকে ইকবাল জেএমবির কার্যক্রম চালাতেন বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
হাইমচর থানার ওসি আব্দুস সামাদ সাংবাদিকদের জানান, ফারুক-ই আজম মাদ্রাসায় ছাত্রশিবির নেতা ইকবালের নেতৃত্বে জেএমবি'র প্রশিক্ষণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে- এ অভিযোগের ভিত্তিতে রোববার সেখানে অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাওগাতুল আলমের নেতৃত্বে ওই অভিযানের সময় ইকবাল পালিয়ে যান।
ওসি জানান, অভিযানকালে ইকবাল সম্পর্কে জানতে চাইলে মাদ্রাসার তত্ত্বাবধায়ক উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. ওয়ালী উল্যাহ ইকবালকে মাদ্রাসার চলতি বছরের দাখিল পরীক্ষার্থী বলে দাবি করেন।
তবে ছাত্র হাজিরা বই তল্লাশি করে তার তথ্যের সত্যতা না পাওয়ায় এবং ইকবাল পালিয়ে যাওয়ায় সন্দেহ আরো বাড়ে। পরে মাদ্রাসার পাশের সিদ্দিকী আকবর এতিমখানায় ইকাবালের কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। মাদ্রাসার তত্ত্বাধায়ককে ২৪ ঘন্টার মধ্যে ইকবালকে থানায় হাজির করার নির্দেশ দেওয়া হয়।
সোমবার সন্ধ্যায় মাদ্রাসার তত্ত্বাবধায়ক ও উপজেলা জামায়াত'র নেতারা ইকবালকে থানায় নিয়ে এলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।
ওসি আব্দুস সামাদ জানান, ইকবালের কক্ষে শিবিরের বিভিন্ন প্রকাশনা পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল শাহরাস্তি উপজেলার নিজ মেহের গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি চাঁদপুর সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রথমবর্ষের ছাত্র।
ইকবাল দাবি করেন, তিনি ছাত্রশিবিরের কার্যক্রম পরিচালনার জন্য হাইমচর অবস্থান করছিলেন।
মাদ্রাসার তত্ত্বাবধায়ক জামায়াত নেতা মাওলানা ওয়ালী উল্যাহ দাবি করেন, ইকবাল উপজেলা ছাত্রশিবিরের নেতা হিসেবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন। তার সঙ্গে জেএমবি'র কোনো সম্পর্ক নেই।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৭ ঘ.
bdnews24