ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান 'নির্বাচিত' হওয়ায় স্বেচ্ছাসেবক দলের পর আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলও।
ছাত্রদলের এই আনন্দ মিছিলে শরিক হন বিএনপির সহসভাপতি তরিকুল ইসলাম, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার এমপি ও খন্দকার মোশাররফের মতো বর্ষীয়ান নেতারাও।
শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ''একটি দলের নেতা নির্বাচন কিভাবে হবে- তা দলের কাউন্সিলররা নির্ধারণ করবেন। এ নিয়ে অন্যের কথা বলাটা ঠিক নয়, অনধিকারচর্চা। এখানে অন্য দলের মন্তব্য করাটা রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত কাজ।"
গত ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্র সংশোধন করে সিনিয়র ভাইস চেয়ারম্যানের একটি নতুন পদ সৃষ্টি করে তারেককে ওই পদে নির্বাচিত করে কাউন্সিলররা।
এই নির্বাচনের সমালোচনা করে সরকারি দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এতে দুর্নীতি উৎসাহিত হবে।
বিকেল ৫টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ছাত্র দলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রাটি বের হয়।
বিজয়নগর হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে এটি শেষ হয়।
শোভাযাত্রায় পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, জিয়া, খালেদা ও তারেক রহমানের প্রতিকৃতি স্থান পায়।
যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সাংসদ বরকতউল্লাহ বুলু, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৯৩৩ ঘ.
bdnews24