রাজশাহী, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার জামায়াত-ই আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন হাকিম রুহুল আমিন।
গত ২৩ নভেম্বর বগুড়ার বাসা থেকে রেজাউলকে আটক করা হয়। তিনি আযিযুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক।
অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকির অভিযোগে ৩ ডিসেম্বর তার বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মতিউর রহমান।
এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রেজাউলকে ৭ ডিসেম্বর তিনদিন হেফাজতে নেওয়া হয়।
এর আগে ২৫ নভেম্বর ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে সাত দিন এবং দ্বিতীয় দফায় ১ ডিসেম্বর তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ১৯ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে চিঠির সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
দুদিন আগে রাজশাহীর সাহেব বাজার থেকে চিঠিটি পোস্ট করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, রেজাউলকে জিজ্ঞাসাবা করে বেশকিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৭ ঘ.
bdnews24