ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী জেলা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। এক দফা পিছিয়ে শুক্রবার এই সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
বৃহস্পতিবার কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সম্মেলনের সকল কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাজাহান।
কক্সবাজার বিএনপি'র একটি গ্র"প জেলা কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আরেকটি পক্ষ কমিটিকে 'স্বাগত' জানিয়ে শহরে মিছিল করেছে।
শাহজাহান চৌধুরীকে সভাপতি ও শামীম আরা স্বপ্নাকে সাধারণ সম্পাদক করে ঘোষিত কমিটিকে কেন্দ্র অনুমোদন দিয়েছে বলে এই গ্র"পের নেতারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নোয়াখালী: জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ মোহাম্মদ শাজাহান জানান, বৃহস্পতিবার সকালে ফোনে দলের নেতারা সম্মেলন স্থগিত করার বিষয়টি জানান।
তিনি জানান, বিএনপি'র জেলা পর্যায়ে সম্মেলন ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার কথা থাকলেও নোয়াখালী জেলা বিএনপি'র সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৪ ডিসেম্বর শুক্রবার। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, গয়েশ্বর রায়, জয়নাল আবদিন ফারুক প্রমুখ।
শাজাহান জানান, জেলায় দলের ১৭টি সাংগঠনিক ইউনিটের মধ্যে ১১টির সম্মেলন সম্পন্ন করা হয়েছে। জেলার নয়টি উপজেলার মধ্যে সদর, বেগমগঞ্জ, সেনবাগ, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় সম্মেলন হয়েছে।
অন্যদিকে আটটি পৌরসভার মধ্যে নোয়াখালী, সেনবাগ, চৌমুহনী, কবিরহাট ও বসুরহাট পৌরসভার সম্মেলন হয়েছে।
৮ ডিসেম্বর দলের কেন্দ্রীয় সম্মেলনে কাউন্সিলর নির্র্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জেলা সম্মেলন স্থগিত হয়ে গেলেও নোয়াখালী থেকে ৩৮ জন কাউন্সিলর কেন্দ্রীয় সম্মেলনে অংশ নেবেন।
এর মধ্যে ইতোমধ্যে যে ১১টি ইউনিটের সম্মেলন হয়েছে সেসব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে ২২ জন। সম্মেলন না হওয়া ছয়টি ইউনিটের আহবায়ক কমিটির আহবায়ক ও প্রথম যুগ্ম আহবায়ক মিলিয়ে ১২ জন এবং বাকি চাজনের মধ্যে জেলা কমিটির আহবায়ক ও প্রথম যুগ্ম আহবায়ক এবং দুজন মহিলা কাউন্সিলর কেন্দ্রীয় কাউন্সিলে যোগ দেবেন।
কক্সবাজার: কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, সদ্য ঘোষিত জেলা কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিএনপির একাংশের নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিএনপি কার্যালয় পর্যন্ত দীর্ঘ মানববন্ধন কর্মসূচিতে বিএনপির এ অংশের নেতাকর্মীরা 'বিতর্কিত পকেট কমিটি বাতিল কর করতে হবে', 'বিতর্কিত কমিটি মানি না মানব না' ইত্যাদি স্লোাগান লেখা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড বহন করেন।
রাশেদ মোহাম্মদ জানান, মানববন্ধন শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কক্সবাজার পৌরসভা, সদর উপজেলা, রামু উপজেলা, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা, মহেশখালী পৌরসভা ও মহেশখালী উপজেলা কমিটির নেতারা বক্তব্য রাখেন।
এদিকে কেন্দ্র অনুমোদন দেওয়ায় জেলা কমিটিকে স্বাগত জানিয়ে বিকালে মিছিল করেছে খুরুস্কুল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
ইউনিয়ন বিএনপি নেতা আমানুল হক আমান, আমির হামজা সিকদার ও হামিদুল হকের নেতৃত্বে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24