২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নপত্র নিয়েছেন খালেদা জিয়া

দলের চেয়ারপারসন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 12:19 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের চেয়ারপারসন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খালেদা জিয়া। মঙ্গলবার বিকাল পৌণে ৬টার দিকে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সহকারি রিটার্নিং অফিসার আবদুল মান্নানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন খালেদা জিয়ার পক্ষে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। এ সময়ে সাংসদ বরকতউল্লাহ বুলু, সাবেক ছাত্র নেতা ইলিয়াস আলী, যুব দলের নেতা সহ সভাপতি কাইয়ুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালেই চেয়ারপারসন নির্বাচন-২০০৯ এর তফসিল ঘোষণা করেন এ সংক্রান্ত নির্বাচন কমিশনের চেয়ারম্যান টি এইচ খান। আগামী ৮ ডিসেম্বর বিএনপির জাতীয় কাউন্সিলের অধিবেশনে দলটির শীর্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের দিন মঙ্গলবার ও বুধবার (১ ও ২ ডিসেম্বর)। মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিন ৪ ডিসেম্বর। ইতিমধ্যে চেয়ারপারসন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রিটার্নিং অফিসার হিসেবে জাতীয় স্থায়ী কমিটির সদস্য আর এ গনি ও সহকারি রিটার্নি অফিসার হিসেবে কেন্দ্রীয় নেতা এম এ মান্নানকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর কিছুদিন বিচারপতি আবদুস সাত্তার বিএনপির চেয়ারম্যান ছিলেন। পরে দলের ভাইস চেয়ারম্যান খালেদা জিয়া ১৯৮৩ সালে চেয়ারপারসন পদে অধিষ্ঠিত হয়ে বিএনপির নেতৃত্ব নেন। ১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর বিএনপির চতুর্থ জাতীয় কাউন্সিলে খালেদা দ্বিতীয় দফা চেয়ারপারসন হিসেবে পুনর্র্নিবাচিত হন। এরপর দীর্ঘ ১৬ বছর দলের কাউন্সিল না হওয়ায় ওই পদে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮১৪ঘ.