ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টিই (সিপিবি) সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সঙ্গতি রেখে তাদের গঠনতন্ত্র সংস্কার করেছে।
এ জন্য দলটিকে অভিনন্দন জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির যুগ্ম-সচিব (আইন) এন আই খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) শর্ত পূরণ করে যে সব দল চূড়ান্ত গঠনতন্ত্র জমা দিয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। সিপিবি'র গঠনতন্ত্র আরপিও'র সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ থাকায় দলটিকে ইসির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।"
বর্তমান নির্বাচন কমিশনই দেশে প্রথম রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া প্রবর্তন করে। নিবন্ধিত হওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হচ্ছে। ইসির নিবন্ধন না থাকলে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম চালানো গেলেও নির্বাচন করা যাবে না।
নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসিতে সংশোধিত খসড়া গঠনতন্ত্র জমা দিয়ে ৩৯টি রাজনৈতিক দল নিবন্ধিত হয়। পরে গত ২৪ জুলাইয়ের মধ্যে সংশোধিত চূড়ান্ত গঠনতন্ত্র দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে অনুমোদনের পর ইসিতে জমা দেয় ৩৩টি দল।
আরপিও অনুযায়ী, ২৫ জানুয়ারির মধ্যে সব রাজনৈতিক দলের সংশোধিত চূড়ান্ত গঠনতন্ত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
গঠনতন্ত্রগুলো হাতে পাওয়ার পর তা শর্ত মেনেছে কি না, তা পরীক্ষায় বসেছে ইসি। ইতিমধ্যে সিপিবিসহ চারটি দলের গঠনতন্ত্র পরীক্ষা হয়েছে।
অপর তিনটি দল ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) চূড়ান্ত গঠনতন্ত্রে কিছু বিষয়ে সংশোধন আনার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে এন আই খান জানান।
আরপিও অনুযায়ী, ছাত্র-শিক্ষক ও পেশাজীবীদের কোনো সংগঠন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন হিসেবে থাকতে পারবে না। এছাড়া প্রবাসেও দলের কোনো সহযোগী সংগঠন থাকবে না।
ইসি কর্মকর্তারা বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্রে দুটি পেশাজীবী (চিকিৎসক ও আইনজীবী) ও একটি প্রবাসী সংগঠনকে সহযোগী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। যা আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব নির্বাচন ও ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের বিষয়ে অস্পষ্ট বক্তব্য থাকায় গঠনতন্ত্রে তা সুস্পষ্ট করার অনুরোধ জানিয়ে জেপি ও এলডিপিকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান এন আই খান।
বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি), কৃষক শ্রমিক জনতা লীগ, জাকের পার্টি, ফ্রিডম পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এখন পর্যন্ত চূড়ান্ত গঠনতন্ত্র জমা দেয়নি।
সব দলের গঠনতন্ত্র পর্যালোচনা শেষে আরপিও'র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে সিপিবির মতো তাদেরও অভিনন্দন বার্তা পাঠানো হবে বলে জানান এনআই খান।
"তা না হলে প্রয়োজনীয় সংশোধনীর জন্য আবারো অনুরোধ জানানো হবে", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এমআই/১০৩০ ঘ.
bdnews24