২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলা: স্বপনের জামিন আবেদন নাকচ

সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি সাবেক সেনা কর্মকর্তা শরিফুল হক ডালিমের ভাই কামরুল হক স্বপনের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি সাবেক সেনা কর্মকর্তা শরিফুল হক ডালিমের ভাই কামরুল হক স্বপনের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। মঙ্গলবার স্বপনের জামিন চেয়ে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আবেদন জানালে ঢাকা মহানগর দায়রা জজ আ ন ম বশিরউল্লাহ শুনানি শেষে তা প্রত্যাখ্যান করেন। সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি শুরু হওয়ার কয়েকদিন পর ওই মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের একজন ব্যারিস্টার তাপসের গাড়ির ওপর বোমা হামলা হয়। ২১ অক্টোবর রাতের ওই হামলা তিনি বেঁচে গেলেও ১৩ জন আহত হন। ঘটনার পরদিনই মামলা দায়ের করেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য তাপস। এতে তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের স্বজন ও তাদের সহযোগীরা ওই হামলা চালিয়েছে। ওইদিনই স্বপনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর কয়েক দফায় হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মঙ্গলবার স্বপনের জামিন আবেদনে বলা হয়, আওয়ামী লীগ সাংসদ তাপসের গাড়ি লক্ষ্য করে চালানো ওই বোমা হামলায় স্বপন জড়িত নন। তিনি একজন রাষ্ট্রীয় খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা এবং গুরুতর অসুস্থ অবস্থায় কারা হেফাজতে আছেন। তাই তাকে জামিন দেওয়া উচিত। শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার জামিনের বিরোধিতা করেন। আদালতকে তিনি বলেন, হামলার সময় তাপস গাড়িতে না থাকলেও হামলায় আওয়ামী লীগের কয়েকজন কর্মী আহত হয়েছে। স্বপন জামিনে মুক্তি পেলে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের রায় কার্যকর হওয়ার আগে পরিস্থিতি অস্থিতিশীল তৈরি করে তুলবেন। গত ১৯ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির আপিল খারিজ করে দিয়েছে আদালত। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি তাপসের বাবা ও মাকেও হত্যা করা হয়। তাপসের বাবা শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধুর ভাগ্নে। এ মামলায় ফ্রিডম পার্টির সদস্য আব্দুর রহিম এবং সফিউল্লাহ সফু নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এসকে/২২৩১ঘ.