২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক-কোকোকে এনে বিচার করুন: ছাত্রলীগ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 02:34 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে ছাত্রলীগ। সরকারের কাছে এ দাবি জানিয়ে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ। দুপুর ১২টার দিকে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়। সেখানে সমাবেশে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছরে দেশের সব খাত থেকে ১০ ভাগ করে চাঁদাবাজি করেছেন তারেক। কোকো অনুমোদনহীন বিলবোর্ড ও কমলাপুর কন্টেইনার টার্মিনালে ব্যাপক দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন সেই টাকায় তারা বিদেশের মাটিতে বিলাসবহুল জীবনযাপন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন। অবিলম্বে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান রিপন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই ছেলেকেও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য তারা বিদেশে যান। বর্তমানে তারেক লন্ডনে এবং কোকো ব্যাংককে রয়েছেন। সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বলেন, দেশের শাসনযন্ত্রকে তারেক-কোকোর প্রভাবমুক্ত করার পর এখন আর দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে বাংলাদেশকে গাল শুনতে হয় না। সমাবেশে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশাসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/২০৩০ ঘ.