২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ বিএনপির সম্মেলন পণ্ড

দলীয় কোন্দলের কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় হবিগঞ্জ বিএনপির শনিবার অনুষ্ঠেয় সম্মেলন পণ্ড হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2009, 06:43 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

হবিগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় কোন্দলের কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় হবিগঞ্জ বিএনপির শনিবার অনুষ্ঠেয় সম্মেলন পণ্ড হয়ে গেছে। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ ফয়সল অনুসারীরা শহরের শিরীষতলায় শনিবার সম্মেলন ডাকে। যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জের পৌর মেয়র জি কে গউসের সমর্থকরাও একইস্থানে আলাদা সম্মেলনের ঘোষণা দেয়। এ নিয়ে শহরে উত্তেজনা দেখা দিলে শুক্রবার রাতে প্রশাসন শনিবার সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করে মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। হবিগঞ্জ থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। পুলিশ রাতেই শিরীষতলায় সম্মেলনের জন্য বানানো প্যান্ডেল সরিয়ে দেয়। শনিবার ভোর থেকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলালের থাকার কথা ছিলো। পৌর বিএনপির সভাপতি আমিনূর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ভূত পরিস্থিতিতে সায়হাম নগরে আহ্বায়ক সৈয়দ ফয়সলের বাড়িতে বিকালে আহ্বায়ক কমিটির সভা হবে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।" আগামী মাসের শুরুতেই বিএনপির কেন্দ্রীয় সম্মেলন হবে। সে লক্ষ্যে বিভিন্ন জেলা সম্মেলন হচ্ছে। তবে অভ্যন্তরীণ কোন্দলের কারণে চট্টগ্রামসহ কয়েকটি স্থানে সম্মেলন হতে পারেনি। শুক্রবার কক্সবাজারে সম্মেলনেও স্থানীয় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১২৪০ ঘ.