২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাফরুলের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে পাল্টা সম্মেলনের ঘোষণা

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাফরুল ইসলাম চৌধুরী'র নেতৃত্বকে চ্যালেঞ্জ করে পাল্টা সম্মেলন করার ঘোষণা দিয়েছে দলে তার প্রতিপক্ষ একটি অংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাফরুল ইসলাম চৌধুরী'র নেতৃত্বকে চ্যালেঞ্জ করে পাল্টা সম্মেলন করার ঘোষণা দিয়েছে দলে তার প্রতিপক্ষ একটি অংশ। কমিটির যুগ্ম-আহবায়ক ও সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েল, সারোয়ার জামাল নিজামের নেতৃত্বে দলের একটি অংশ শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়। লিখিত বক্তব্যে গাজী শাহজাহান জুয়েল অভিযোগ করেন, দলের বেশিরভাগ নেতাকর্মীর মতামতকে গুরুত্ব না দিয়ে আহবায়ক জাফরুল ইসলাম নিজের পছন্দমতো শহরের বদলে বাঁশখালী উপজেলায় 'নিজ বাড়িতে' দক্ষিণ জেলা বিএনপি'র সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন। এ রকম অগঠনতান্ত্রিক ও স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে সম্মেলনের সিদ্ধান্ত নেওয়ায় পাল্টা সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, "আমরা সম্মেলন প্রতিহত করার রাজনীতিতে বিশ্বাস করি না। অবৈধভাবে সম্মেলন করার চেয়ে সর্বসম্মতভাবে পাল্টা সম্মেলন করাই শ্রেয়।" আগামী ২২ নভেম্বর নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা বিএনপি'র সম্মেলন হওয়ার কথা ছিল। দলীয় কোন্দলের জের ধরে এবং সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় জাফরুল ইসলাম বুধবার তার অনুসারীদের নিয়ে বৈঠক করে স্থান পরিবর্তন করে বাঁশখালী উপজেলায় একটি কলেজ মাঠে সম্মেলন করার সিদ্ধান্ত নেন। প্রতিপক্ষ অংশটি এর বিরোধিতা করছে। শাহজাহান জুয়েল দাবি করেন, দক্ষিণ জেলা বিএনপি'র আটটি সাংগঠনিক উপজেলা ও চারটি পৌরসভা ইউনিট থাকলেও মাত্র তিনটিতে ঐক্যবদ্ধ সম্মেলন হয়। বাকি ছয়টি ইউনিটে সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী তার সমর্থকদের নিয়ে জোর করে কমিটি গঠন করেছেন। এটা দলের জন্য কখনোই শুভ নয়। দলের নেতা-কর্মীরা নির্ধারিত ২২ নভেম্বরেই চট্টগ্রাম মহানগরীতে সম্মেলন করার পক্ষে বলেও তার দাবি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দক্ষিণ জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক সাবেক সাংসদ সারোয়ার জামাল নিজাম, আহমেদ খলিল খান, মিজানুল হক চৌধুরী, আবু তাহের চৌধুরী, ইফতেখার চৌধুরী মোহসিন, লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/১৯৪৩ ঘ.