ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছেলে তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বগুড়া গেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তারেকের ৪৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দুস্থদের মধ্যে ত্রাণ ও শীত বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা শহরের সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সব অনুষ্ঠান হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেকের জন্ম ১৯৬৫ সালে ২০ নভেম্বর বগুড়ায়। তার জন্মদিন উপলক্ষে ছাত্রদল সাত দিনের কর্মসূচি পালন করছে। কর্মসূচির শেষ দিনে বগুড়ার অনুষ্ঠান হচ্ছে।
খালেদা দুপুর ২টায় বগুড়া পৌঁছেন। পথে সিরাজগঞ্জে এক পথসভায় তারেকের জন্য দোয়া চান তিনি।
খালেদা বলেন, "তারেক সুস্থ হয়ে ফিরে যেন দেশসেবায় আত্মনিয়োগ করতে পারে, সে জন্য আপনারা দোয়া করবেন।"
বেশ কয়েকটি দুর্নীতি মামলা জামিন নিয়ে তারেক চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যে আছেন।
সকাল ১০টার দিকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে খালেদার গাড়ি বহর রওনা হয়।
তার সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সহসভাপতি সারোয়ারি রহমান প্রমুখ।
খালেদার বহরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ছাত্রদলের শতাধিক গাড়িও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১০ ঘ.
bdnews24