২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের দ্বন্দ্বে ভিজিএফ'র চাল দেওয়া বন্ধ

স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের কারণে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের তিন শতাধিক দুস্থ মানুষ গত তিনদিন ধরে ভিজিএফ এর চাল পাচ্ছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

নাটোর, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের কারণে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের তিন শতাধিক দুস্থ মানুষ গত তিনদিন ধরে ভিজিএফ এর চাল পাচ্ছেন না। ঈদ উপলক্ষে আসা এই চাল আদৌ ঈদের আগের তারা পাবেন কি না তাও অনিশ্চিত। বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয় জানায়, ভারনারেবল গ্র"প ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় সরকার ঈদ উপলক্ষে বড়াইগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩৩১ জন দুস্থ মানুষকে মাথা পিছু ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগ সাংসদ মনোনীত আব্দুল ওয়াহেদকে (২ নং ওয়ার্ড আ.লীগের সম্পাদক) তালিকা তৈরি করতে দেওয়া হয়। একই সময় আওয়ামী লীগের অপর একটি পক্ষের সদস্য ইদ্রিস আলী পৃথক একটি তালিকা তৈরি করেন। গত মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংসদ মনোনীত ব্যক্তির তৈরী করা তালিকা অনুযায়ী দুস্থদের চাল দেওয়ার প্রস্তুতি নিলে ইদ্রিস সমর্থকরা চাল বিতরণ পণ্ড করে দেয়। এ কারণে ওই ওয়ার্ডের ইকড়ি, রাজাপুর, নিশ্চিন্তপুর, রামকান্তপুর ও খিদিরপুর গ্রামের প্রায় ৩ শতাধিক দরিদ্র মানুষ সারাদিন ইউনিয়ন পরিষদে অপেক্ষা করেও চাল না পেয়ে বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার পর্যন্ত এই চাল বিতরণ করা সম্ভব হয়নি। সাংসদ আব্দুল কুদ্দুস দেশের বাইরে থাকায় বিষয়টি সুরাহা করা যায়নি। ফলে ঈদের আগে এই চাল বিতরণ করা সম্ভব হবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে। নিশ্চিন্তপুর গ্রামের মোজাহার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের নেতারা লিষ্ট করতে লাগি ঠেলাঠেলি করছে। আর আমরা না খায়া উপোষ করছি। হয়তো ঈদের দিনও খালি পেটে থাকতে হবি।" আব্দুল ওয়াহেদ বলেন, "এমপি সাহেবের নির্দেশমতো ইউপি চেয়ারম্যান আমাকে তালিকা তৈরি করতে দিছে। এ তালিকামত চাল দিলেই তো মিটে যায়।" ইদ্রিস আলী বলেন, "প্রকৃত দুস্থদের নিয়েই আমি তালিকা তৈরি করেছি। চাল দিলে আমার তালিকা মতেই দিতে হবে।" এ ব্যাপারে বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকারের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বিষয়টি পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানান। স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস দেশের বাইরে অবস্থান করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৬ ঘ.