২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলায় ১৪৪ ধারা

বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি স্কুল মাঠে বিএনপি এবং ছাত্রলীগ একই সময়ে সভা করতে চাওয়ায় উপজেলা প্রশাসন বুধবার সেখানে ১৪৪ ধারা জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 07:25 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

বাগেরহাট, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি স্কুল মাঠে বিএনপি এবং ছাত্রলীগ একই সময়ে সভা করতে চাওয়ায় উপজেলা প্রশাসন বুধবার সেখানে ১৪৪ ধারা জারি করেছে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উভয় দল একই স্থানে একই সময়ে সভা আহ্বান করায় প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা একসঙ্গে বসতে রাজি হয়নি।" আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত রায়েন্দা পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে ইউএনও জানান। প্রধান বিরোধী দল বিএনপি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ- দুই পক্ষেরই দাবি, তারা আগে সভা ডেকেছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ কাদের হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ১০টায় ওই স্থানে সম্মেলন করতে গত ১২ নভেম্বর পুলিশ ও উপজেলা প্রশাসনের কাছে তারা চিঠি পাঠান। "কিন্তু গত (মঙ্গলবার) রাতে প্রশাসন সেখানে সম্মেলন না করতে এবং ১৪৪ ধারা জারি সংক্রান্ত একটি নোটিশ পৌঁছে দেয়", বলেন তিনি। শরণখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি বাদশা আলমগীর জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের খুনিদের শাস্তির দাবিতে তারাই আগে সভা আহ্বান করেন। তিনি বলেন, "গতকাল উপজেলা প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু বিএনপি সেখানে সম্মেলন ডাকায় এবং প্রশাসন ১৪৪ ধারা জারি করায় সভা স্থানান্তর করতে হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩১৫ ঘ.