২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিএনপির সাত নেতাকে কেন্দ্রে তলব

মহানগর শাখার সম্মেলনে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের সাত বিএনপি নেতাকে ঢাকায় তলব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 03:51 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগর শাখার সম্মেলনে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের সাত বিএনপি নেতাকে ঢাকায় তলব করা হয়েছে। বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা। মহানগর বিএনপির এসব নেতাকে ঢাকায় তলবের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত করেন বিরোধের এক পক্ষের নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। ঢাকায় ডেকে পাঠানো চট্টগ্রামের নেতারা হচ্ছেন- দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, মহানগর কমিটির আহবায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মহানগর কমিটির যুগ্ম আহবায়ক দস্তগীর চৌধুরী, এরশাদ উল্লাহ ও শামসুল আলম। আমীর খসরু মাহমুদ চৌধুুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে আমাদের ডাকা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় দলের কেন্দ্রীয় মহাসচিবের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।" বৈঠকে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার বিকালেই ঢাকা পৌঁছেছেন খসরু। নোমান, মোরশেদ খান, শামসুল আলমসহ অন্য নেতারা ঢাকায়ই রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সোমবার নগরীর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে খসরু ও নোমান সমর্থক কর্মীদের দফায় দফায় সংঘর্ষের পর মহানগর বিএনপির সম্মেলন পণ্ড হয়ে যায়। এ ঘটনার জন্য উভয়পক্ষই একে অন্যকে দোষারোপ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এসকে/২১৪৮ঘ.