২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মেলন দলের জন্য শিক্ষা'

বিএনপি'র যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, চট্টগ্রাম মহানগর বিএনপি'র সম্মেলন দলের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। এ ঘটনার কারণে ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, চট্টগ্রাম মহানগর বিএনপি'র সম্মেলন দলের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। এ ঘটনার কারণে ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করা হবে। তবে এই সম্মেলনে সহিংসতার কোনো প্রভাব কেন্দ্রীয় সম্মেলনে পড়বে না বলে দাবি করেন তিনি। বিবদমান দুই পক্ষের সংঘর্ষে মহানগর বিএনপি'র সম্মেলন পণ্ড হয়ে যাওয়ার প্রায় পাঁচ ঘন্টা পর এ ব্যাপারে দলের বক্তব্য উপস্থাপনের জন্য সোমবার এক সংবাদ সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। কোন্দলের জের ধরে কয়েক দফা সংঘর্ষের পর চট্টগ্রাম মহানগর বিএনপি'র সম্মেলন পণ্ড হয়ে যায়। প্রায় দুই দশক পর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সোমবার সকাল ১০টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। সম্মেলনে সংঘর্ষের মতো ঘটনার পরও সম্মেলন 'সফল' হয়েছে দাবি করে বিএনপি'র যুগ্ম মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "আপনাদের কাছে যা সফল নয়, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এটাকে সফল বলে মনে করি।" সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি বরকত উল্লাহ বুলু ও বিএনপি'র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান। সংবাদ সম্মেলনে গয়েশ্বর বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপি'র সম্মেলনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপ অর্থাৎ কমিটি ঘোষণা নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করা হবে। কবে নাগাদ মহানগর বিএনপি'র নতুন কমিটি ঘোষণা করা হবে জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ না করে বলেন, ৮ ডিসেম্বর কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের আগে ৭৫ টি সাংগঠনিক জেলার কমিটি ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। সম্মেলনস্থলে হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কি না- জিজ্ঞেস করা হলে দলের যুগ্ম মহাসচিব বলেন, "আমরা মনে করি না এতে কোনো উদ্দেশ্য কাজ করেছে। কারও ইন্ধনে এ সংঘর্ষের ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।" সম্মেলনস্থলে দফায় দফায় সংঘর্ষের ঘটনাকে তিনি গুরুত্ব না দিয়ে বলেন, বড় কর্মসূচিতে 'ছোটখাট অনাকাঙ্খিত' ঘটনা ঘটতেই পারে। তবে গয়েশ্বর বলেন, "মহানগর বিএনপি'র সম্মেলন আমাদের শিক্ষা দিয়েছে। এ থেকে আমরা সতর্ক হলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এইচএ/২১০০ ঘ.