২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারের অভিযোগ নাকচ হানিফের

বিএনপির কাউন্সিল বানচাল প্রচেষ্টার অভিযোগ নিয়ে দলের মহাসচিবের বক্তব্য নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-হক হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপির কাউন্সিল বানচাল প্রচেষ্টার অভিযোগ নিয়ে দলের মহাসচিবের বক্তব্য নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-হক হানিফ। শনিবার বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ তাদের সম্মেলন বানচাল করতে চাচ্ছে। এজন্য বিভিন্ন সাংগঠনিক জেলায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা সম্মেলন করতে বাধা দিচেছ বলেও অভিযোগ করেন তিনি। সোমবার হানিফ বলেন, "দেলোয়ার সাহেব যেভাবে অসংলগ্ন কথা বলেন- তার জবাব দিতেই লজ্জ্বা হয়। মাঠ থেকে কেন্দ্রীয় পর্যায়ে তারা নিজেরাই নিজেদের সঙ্গে মারপিট করছে। আর, অভিযোগ করছে আওয়ামী লীগ তাদের সম্মেলন বানচাল করতে চায়। এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।" আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে সহযোগী সংগঠনগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়কে সামনে রেখে আওয়ামী লীগ কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা করছে কিনা জানতে চাইলে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, "দেশবাসীর মতো আমরাও বঙ্গবন্ধু হত্যা মামলার ন্যায়-বিচার প্রত্যাশী। সন্তান তার পিতা হত্যা, বোন তার ভাই হত্যার বিচার চায়। এই বিচারকে কেন্দ্র করে অতীতেও অনেক নাশকতামূলক কর্মকাণ্ড ঘটেছে। এজন্য আমরা নেতা-কর্মীদের সর্তক থাকতে বলেছি।" যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে এবং আওয়ামী লীগ সরকারই করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, "তথ্য-প্রমাণ সংগ্রহ করে সর্তকতার সঙ্গে এই মামলাগুলো করতে হবে। আমরা চাই না- সময় ও স্থানের হের ফেরের জন্য কোনো মামলা যেন খারিজ হয়ে যায়।" বিজয় দিবস ও বিজয়ের মাসের কর্মসূচি চূড়ান্ত করতে এ বৈঠক হয়। হানিফ জানান, পহেলা ডিসেম্বর সকাল সাতটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর সেদিন সকাল আটটায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে শপথ ও শ্রদ্ধা নিবেদন করবেন আওয়ামী লীগ নেতারা। ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিশু-কিশোর সমাবেশ হবে। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ওইদিন সকাল সাতটায় মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, সকাল সাড়ে সাতটায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং বিকাল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে। ১৫ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধিদল টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। ১৬ ডিসেম্বর দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাতটায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় র‌্যালি বের করা হবে। এ ছাড়া সব দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হবে বলেও তিনি জানান। এছাড়া ১৭ ডিসেম্বর আলোচনা সভা ও ৩১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান হবে। ১২ ডিসেম্বর স্বেচ্ছাসেবক লীগ, ১৩ ডিসেম্বর মহিলা আওয়ামী লীগ, ১৮ ডিসেম্বর যুবলীগ, ২১ ডিসেম্বর কৃষক লীগ, ২২ ডিসেম্বর জাতীয় শ্রমিক লীগ, ২৩ ডিসেম্বর তাঁতী লীগ, ২৪ ডিসেম্বর স্বাধীনতা চিকিৎসা পরিষদ, ২৬ ডিসেম্বর ছাত্র লীগ এবং ২৭ ডিসেম্বর যুব মহিলা লীগ বিজয় দিবসের কর্মসূচি পালন করবে। এ ছাড়া আওয়ামী লীগ এবার প্রত্যেক জেলায় হানাদার মুক্ত দিবস পালন করবে। এসব অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এক প্রশ্নের জবাবে মাহবুব-উল-হানিফ জানান, প্রত্যেক জেলায় হানাদার মুক্ত দিবস পালনের মাধ্যমে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড আরো জোরদার হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/১৯০৭ ঘ.