২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মহানগর বিএনপি'র সম্মেলন পণ্ড

কোন্দলের জের ধরে দু'পক্ষের সমর্থকের সংঘর্ষের পর চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মেলন কার্যত পণ্ড হয়ে গেছে।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 07:28 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কোন্দলের জের ধরে দু'পক্ষের সমর্থকের সংঘর্ষের পর চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মেলন কার্যত পণ্ড হয়ে গেছে। সোমবার সকাল ১০টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। সকাল সোয়া ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল নোমানের একদল সমর্থক মিছিল নিয়ে মিলনায়তনে প্রবেশ করতে গেলে মহানগর বিএনপির আহবায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর উভয়পক্ষের কর্মীরা চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর করে। এসময় নোমান সমর্থকরা মিলনায়তনে উপস্থিত অতিথি ও স্থানীয় বিএনপি নেতাদের ঘিরে ফেলে। পরে পুলিশ এসে নেতাদের নিরাপত্তার ব্যবস্থা করে। দুপুর ১২টার সময় অতিথি হিসেবে সম্মেলনে আগত অনেক নেতা স্থান ত্যাগ করেন। দুপুর দুটার দিকেও সম্মেলন শুরুর কোনো লক্ষণ দেখতে পাননি ঘটনাস্থলে উপস্থিত আমাদের প্রতিবেদক মিন্টু চৌধুরী। এদিকে সম্মেলন পণ্ড হওয়ার পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাজাহান, সাংসদ বরকতউল্লাহ বুলু বক্তব্য রাখেন। এরপর দুপুর দেড়টার দিকে নোমান বক্তব্য দেওয়া শুরু করলে দু নেতার সমর্থকরা আবারো চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। এরপর থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। তবে অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্মেলনের প্রথম অধিবেশন সফলভাবে সমাপ্ত হয়েছে। হাজার হাজার কর্মীর উপস্থিতির কারণে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পরে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে কমিটি গঠন করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএম/এফএফ/জিএনএ/১৩৫৮ ঘ.