২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা নিয়ে সতর্ক থাকার আহ্বান

বঙ্গবন্ধু মামলার রায়কে সামনে রেখে 'উগ্র-সামপ্রদায়িক জঙ্গিচক্র' যাতে কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড বা ভীতির সঞ্চার না করতে পারে সে জন্য দলের নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার রায়কে সামনে রেখে 'উগ্র-সামপ্রদায়িক জঙ্গিচক্র' যাতে কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড বা ভীতির সঞ্চার না করতে পারে সে জন্য দলের নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন যমুনায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সভা শেষে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের এ কথা জানান। সভাটি বিকাল ৪টায় প্রথমে দলীয় সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে সভাপতিমণ্ডলির সদস্য সাজেদা চৌধুরীর সভাপতিত্বে শুরু হলেও ১০ মিনিটের মাথায় মুলতবি করা হয়। পরে বিকাল ৫টায় শেখ হাসিনার সভাপতিত্বে যমুনায় তা শুরু হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মাহবুব-উল-আলম হানিফ সিদ্ধান্তগুলো জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী আমাদের সবাইকে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন।" বিরোধী দলগুলো ঠুনকো অজুহাতে সংসদ বর্জন করে সংসদকে অকার্যকর করার খেলায় মেতে উঠেছে অভিযোগ করে হানিফ বলেন, "তারা দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতান্ত্রিক জীবনধারাকে বানচাল করার জন্য হঠকারী ও উস্কানিমূলক তৎপরতার সঙ্গে যুক্ত হয়েছে।" সাংসদ ফজলে নূর তাপসের ওপর কাপুরুষোচিত বোমা হামলা কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয় বলেও মন্তব্য করেন তিনি। হানিফ জানান, বৈঠক থেকে সব ষড়যন্ত্র ও চক্রান্তকে সাহসিকতার সঙ্গে মোকাবেলা করার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানানো হয়। দীর্ঘ প্রতীক্ষা ও টানাপড়েনের অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে চলছে জানিয়ে তিনি বলেন, "বৈঠক থেকে দেশবাসীর দীর্ঘদিনের লালিত আকাক্সক্ষা ও দাবির প্রতিধ্বনিত করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ন্যায় বিচারের প্রত্যাশা পুনর্ব্যক্ত করা হয়েছে।" তিনি জানান, সভায় বলা হয়, ন্যায় বিচারের মাধ্যমেই জাতির কলঙ্কমোচন, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হতে পারে। সন্ত্রাসী রাষ্ট্রের কালো তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ায় বৈঠক থেকে শেখ হাসিনাসহ সরকারকে অভিনন্দন জানানো হয়েছে বলে জানান মাহবুব-উল-হক হানিফ। তিনি বলেন, "দেশের উন্নয়নের পথে অন্যতম বাধা দুর্নীতির মূলোৎপাটনে আওয়ামী লীগ দৃঢ়প্রতিজ্ঞ। দুর্নীতিবাজদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারলেই কেবল বর্তমান ও ভবিষ্যৎ দুর্নীতির লাগাম টেনে ধরা সহজ হবে।" রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়েছে বলে জানান তিনি। এছাড়াও বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো ১ থেকে ৩১ ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডিতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। আগামী ১৯ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলা রায় চূড়ান্ত রায় ঘোষণা করা হচ্ছে। বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। এরপর পাঁচ আসামি সুপ্রিম কোর্টে আপিল করেন। বৃহস্পতিবার তারই নিষ্পত্তি হতে চলেছে। এ রায়কে সামনে রেখে শনিবার ঢাকা মহানগরীর পুলিশ সদস্যদের আবারো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার একেএম শহিদুল হক। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সর্বত্র কড়া নজরদারি রাখার ব্যবস্থা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এসএইচ/২৩০৯ ঘ.