২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ১৪৪ ধারা জারি

সরকার সমর্থক ছাত্রলীগ ও বিরোধী বিএনপি একই সময় সমাবেশ ডাকায় বাগেরহাটের কচুয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

বাগেরহাট, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার সমর্থক ছাত্রলীগ ও বিরোধী বিএনপি একই সময় সমাবেশ ডাকায় বাগেরহাটের কচুয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করে শনিবার সন্ধ্যায় এই আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল হাসান। উপজেলার টেংরাখালী মধ্যপাড়া ঈদগাহ মাঠে বিএনপি রোববার সকালে সম্মেলন ডাকে। একই সময় সেখানে বর্ধিত সভা ডেকেছে ছাত্রলীগ। ইউএনও সোহেল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে দুপক্ষের সঙ্গে কয়েকবার আলোচনা করা হয় যাতে সমঝোতার মাধ্যমে যে কোন এক দল অন্যত্র কর্মসূচি পালন করে। কিন্তু কোন পক্ষ রাজি না হওয়ায় সংঘাত এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলা বিএনপি'র আহবায়ক শিকদার আব্দুর রহিম বলেন, সম্মেলন করতে গত ১২ নভেম্বর পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে একটি লিখিত আবেদন করেন তিনি। শনিবার ১৪ নভেম্বর সন্ধ্যায় পুলিশ সেখানে সভা না করতে এবং ১৪৪ ধারা জারি সংক্রান্ত একটি নোটিশ তাকে পৌঁছে দেয়। বাগেরহাট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জানান, রোববার কচুয়া উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা হওয়ার কথা টেংরাখালী মধ্যপাড়া ঈদগাহ মাঠে। এটা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি। কিন্তু বিএনপি সেখানে সম্মেলন আহ্বান করায় এবং পুলিশ ১৪৪ ধারা জারি করায় সভা অন্যত্র স্থানান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.